রাজনৈতিক অস্থিতিতে উদ্বেগ চট্টগ্রামের ব্যবসায়ীদের
হরতালসহ রাজনৈতিক অস্থিরতার কারণে জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাবে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার।
বুধবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালকদের পক্ষে সভাপতি মাহবুবুল আলম এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে বলা হয়, “হরতালের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম, শিল্প কারখানার উৎপাদন, নিত্য প্রয়োজনীয় পণ্য ও শিল্পের কাঁচামাল পরিবহনসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে।
“বিশেষ করে হরতালে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”
টানা হরতালের কারণে রাজস্ব খাতে ২৫০ কোটি, তৈরী পোশাক খাতে ৩৬০ কোটি, উৎপাদন খাত, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে প্রতিদিন দেশের প্রায় দুই হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
“নিত্য প্রয়োজনীয় পণ্য ও শিল্পের কাঁচামাল পরিবহনের ক্ষেত্রে চট্টগ্রাম-ঢাকা ট্রাক ও কাভার্ডভ্যান ভাড়া ১৫/১৬ হাজার থেকে বেড়ে ২৬/২৮ হাজার টাকা হয়েছে।”
একই সঙ্গে এ পথে কন্টেইনার বহনকারী লরীর ভাড়া ২২/২৪ হাজার টাকা থেকে বেড়ে ৪০ হাজার টাকা হয়েছে বলে উল্লেখ করা হয়।
“এই অতিরিক্ত খরচের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির দায়ভার ভোক্তাদের বহন করতে হচ্ছে,” বলা হয় বিবৃতিতে।
হরতালের পরিবর্তে গঠনমূলক ও অহিংস কর্মসূচি দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
