পোশাক কারখানায় হেফাজতের হামলা, উদ্বেগ পোশাক মালিকদের
হেফাজতে ইসলামের হরতালে গাজীপুরে পোশাক শিল্প কারখানায় হামলা হয়েছে জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাক শিল্প মলিকদের শীর্ষ দুই সংগঠন।
সোমবার বিজিএমইএ ও বিকেএমইএর এক যৌথ সংবাদ বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।
এতে অভিযোগ করা হয়, হেফাজতে ইসলামের ডাকে সোমবার হরতাল চলাকালে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি গাজীপুর কোণাবাড়ীর বাইপাইল থেকে মৌচাক পর্যন্ত প্রায় ৬০/৭০ টি রপ্তানিমুখী পোশাক কারখানায় হামলা চালায়।
এসব কারখানার প্রায় দেড় লাখ শ্রমিককে কারখানায় কাজ করতে বাধা দিয়ে তাদেরকে কারখানার বাইরে নামিয়ে আনা হয় বলে অভিযোগ করেন তারা।
বিবৃতিতে বলা হয়, পোশাক শিল্প হরতালের আওতামুক্ত হলেও হরতাল চলাকালে এ হামলা পোশাক শিল্পকে অস্থিতিশীল করারই একটি চক্রান্ত।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত করে জড়িতদেরকে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয় বিবৃতিতে।
অপর এক বিবৃতিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পোশাক শিল্পের পণ্যবাহী ট্রাক ও কভার্ড ভ্যানগুলোকে হরতালের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে সংগঠন দুটি।
এতে বলা হয়, হরতাল চলাকালে কারখানাগুলো ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিয়ে পোশাক শিল্পের রপ্তানি পণ্য জাহাজীকরণের উদ্দেশ্যে চট্রগ্রাম বন্দরে নিতে পারে না এবং আমদানিকৃত কাঁচামাল কারখানায় আনতে পারে না। গত তিন মাসে ঘন ঘন হরতাল ও চলমান সহিংসতার কারণে রপ্তানি কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়েছে।
“বিজিএমইএর হিসাবে হরতালের কারণে আট মিলিয়ন ডলারের পোশাক সমুদ্রপথে নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজীকরণ করা যাবে কি না সে ব্যাপারে ইতিমধ্যেই ঝুঁকি সৃষ্টি হয়েছে।”
বিষয়টি বিবেচনায় রেখে হরতাল চলাকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গার্মেন্টস পণ্যবাহী ট্রাক ও কভার্ড ভ্যানগুলোকে হরতালের আওতামুক্ত রাখতে সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।
