২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামের সঙ্গে যৌথ বিনিয়োগের আগ্রহ ব্যবসায়ীদের

ভিয়েতনামের ব্যবসায়ীদের সঙ্গে যৌথ উদ্যোগে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 05:54 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

একইসঙ্গে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে দেশটির উদ্যোক্তাদের সরাসরি বিনিয়োগেরও আহ্বান জানিয়েছেন তারা।

সোমবার সফররত ভিয়েতনামের ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভায় বাংলাদেশের ব্যবসায়ীরা এ আগ্রহপ্রকাশ করেন।

সকালে রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সম্মেলনকক্ষে সংগঠনের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় এ মনোভাব প্রকাশ করেন তারা।

সভায় ভিয়েতনামের ব্যবসায়ীরা এদেশে বিনিয়োগের বিষয়ে সরাসরি কিছু না বললেও ওষুধ, সিমেন্ট, পেট্রোলিয়াম, কৃষি ও বস্ত্র খাতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছেন বলে জানান।

ভিয়েতনাম পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান বু নং বাও সফররত ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “আমরা ওষুধ, সিমেন্ট, পেট্রোলিয়াম, কৃষি ও বস্ত্র খাতের কার‌্যক্রম দেখছি। এসব খাতে ভিয়েতনামের উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী।”

এফবিসিসিআইয়ের পরিচালক আব্দুল হক দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের অন্যতম কেন্দ্র। ভিয়েতনাম সেই সুযোগ নিতে পারে।

বিজিএমইএর পরিচালক সৈয়দ সাদেক আহমেদ বলেন, বাংলাদেশের বস্ত্র খাত অনেক এগিয়েছে। বিশ্বব্যাপী বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়ছে। ভিয়েতনামের উদ্যোক্তারা এখাতে যৌথ বিনিয়োগ করতে পারে।

সিমেন্ট প্রস্তুতকারি সমিতির প্রতিনিধি মদিনা গ্রুপের উর্ধ্বতন নির্বাহী পরিচালক আব্দুল কাইয়ুম মিঞা জানান, ভিয়েতনাম চীন থেকে সিমেন্ট আমদানি করে। ২০২৫ সাল নাগাদ দেশটিতে বর্তমানের তুলনায় ১০ মিলিয়ন টন সিমেন্টের চাহিদা সৃষ্টি হবে।

তিনি বলেন, “বাংলাদেশে উন্নতমানের সিমেন্ট তৈরি হচ্ছে। ভিয়েতনামের উদ্যোক্তারা যৌথ উদ্যোগে এখাতে বিনিয়োগ করতে পারে।”

ওষুধ শিল্প সমিতির প্রতিনিধি খন্দকার তারিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ওষুধ শিল্পে স্বয়ংসম্পূর্ণ। দেশের উদ্যোক্তারা প্রচুর ওষুধ রপ্তানি করছে। ভিয়েতনাম চাইলে এখাতে বিনিয়োগ করতে পারে।

২০১১-১২ অর্থবছরে ভিয়েতনাম থেকে বাংলাদেশ ৩০ কোটি ১৪ লাখ ডলারের পণ্য আমদানি করেছে আর মাত্র ৪ লাখ ৪৫ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে।  

আলোচনা সভায় অন্যান্যে মধ্যে এফবিসিসিআইয়ের পরিচালক আব্দুর রাজ্জাক, ওবায়দুর রহমান, জালাল উদ্দিন আহমেদ ইয়ামীন ও বিজয় কুমার কেজরিওয়ালসহ বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।