ব্র্যাককে নতুন অর্থায়নের আগ্রহ বাংলাদেশ ব্যাংকের
বায়োগ্যাস ও সৌর বিদ্যুৎ প্রকল্পে বেসরকারি সংস্থা ব্র্যাককে আরো অর্থ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
বৃহস্পতিবার বিকালে ‘বর্গাচাষীদের ঋণ প্রকল্প : প্রভাব ও মুল্যায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর তার আগ্রহের কথা জানান।
ব্র্যাকের গবেষণা ও মুল্যায়ন বিভাগ রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এ সেমিনারের আয়োজন করে।
এর আগে ২০০৯ সালে বাংলাদেশ ব্যাংক বর্গাচাষীদের ঋণ দেয়ার জন্য ব্র্যাককে ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল দেয়।
তহবিলের অর্থ বিতরণ এবং প্রান্তিক কৃষকদের ওপর এর সুফল বিষয়ে করা একটি গবেষণার প্রতিবেদন সেমিনারে তুলে ধরা হয়।
আতিউর রহমান বলেন, “ব্র্যাক এই বর্গাচাষীদের ঋণ বিতরণ প্রকল্পটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলো। আমি মনে করি সংস্থাটি তা সফলভাবে করতে পেরেছে।
“এখন আমি বলবো পশু পালন ও ক্ষুদ্র চাষীদের পণ্য সংরক্ষনের জন্য ক্ষুদ্র হিমাগার স্থাপন প্রকল্প নিতে পারে ব্র্যাক। আর এর সঙ্গে সম্পৃক্ত প্রকল্প বায়োগ্যাস ও সৌর বিদ্যুৎ খাতে বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন করছে। ব্র্যাক চাইলে সেই সুবিধা নিতে পারে।”
অনুষ্ঠানে জানানো হয়, ব্যাক বর্গাচাষীদের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে যে পুনঃঅর্থায়ন তহবিল পেয়েছে তা দিয়ে প্রায় ৬৫০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এই ঋণের ৮০ শতাংশই গেছে কৃষি কাজে। বাকি ২০ শতাংশ অন্য ঋণ পরিশোধ, সাংসারিক ব্যয় ও অন্য কাজে ব্যয় করেছেন গ্রহিতারা।
দেশের ২৮টি জেলার তিন লাখ ৩০ হাজার বর্গাচাষীর মাঝে এসব ঋণ বিতরণ করা হয়েছে যার ৯৯ শতাংশ আদায় করতে পারছে ব্যাক।
