‘কেলেঙ্কারির হোতাদের রক্ষা সরকারের উদ্দেশ্য নয়’
হল-মার্ক কেলেঙ্কারিতে সংশ্লিষ্ট কাউকে রক্ষা করার কোনো উদ্দেশ্য সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার বিকালে অর্থমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হলমার্ক বিষয়ে মন্ত্রণালয়ের নীতি হলো- জালিয়াতি ও দুর্নীতির হোতাদের শাস্তি দিতে হবে।
“এ জালিয়াতির সঙ্গে যারা সম্পৃক্ত, অর্থাৎ হল-মার্কের পরিচালনা পর্ষদ থেকে ব্যবস্থাপনা পর্যন্ত এবং ব্যাংকের বিভিন্ন স্তরের যেসব কর্মকর্তা এর সঙ্গে জড়িত তাদেরও শাস্তি দিতে হবে।”
পাশাপাশি হল-মার্কের যেসব কর্মকাণ্ড কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এবং আয়ের পথ তৈরি করেছে- সেসব কাজের বিষয়েও ‘উপযুক্ত ব্যবস্থা’ নিতে হবে এবং প্রয়োজনে হল-মার্কের সেসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, “হল-মার্কের কারখানা চালু করার বিষয়ে অর্থমন্ত্রীর মন্তব্য নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হল-মার্কের সঙ্গে সমঝোতা বা সরকার হল-মার্কের বিষয়ে নমনীয় হচ্ছে, যা সত্য নয়।”
বিবৃতিতে বলা হয়, হলমার্কের পক্ষ থেকে ৪০ হাজার শ্রমিক পরিবারকে রক্ষা এবং ৫০০ কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতিসহ ৫ হাজার ৬০০ কোটি টাকার সম্পদ সুরক্ষা ও বৈদেশিক মুদ্রা আয়ের পথ উন্মুক্ত রেখে গার্মেন্ট শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচান’ সংক্রান্ত একটি আবেদন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে জমা পড়ে।
ওই আবেদনের পরিপেক্ষিতে অর্থমন্ত্রণালয় গত ১৯ মার্চ সোনালী ব্যাংককে একটি চিঠি পাঠায়। হল-মার্ক গ্রুপের যাবতীয় সম্পদ ও আয়-ব্যয়ের একটি বিবরণী এবং হল-মার্ক গ্রুপের সম্পদ থেকে কীভাবে সোনালী ব্যাংকের সব দায়-দেনা পরিশোধ করে হল-মার্ক গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম আবারো চালু করা যায় সে বিষয়ে সুপারিশসহ একটি প্রতিবেদন চাওয়া হয় ওই চিঠিতে।
ওই প্রতিবেদনে বলা হয়, কিছু কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভেঙে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ছয়টি প্রতিষ্ঠান তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরিয়ে ফেলে, যার মধ্যে হলমার্ক গ্রুপ একাই তুলে নেয় দুই হাজার ৬০০ কোটি টাকার বেশি।
অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হল-মার্কের জালিয়াতি ও অর্থ পাচার নিয়ে দুদক মামলা করেছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপকসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে কারাগারেও পাঠানো হয়েছে। যে ব্যাংক কর্মকর্তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ কেলেঙ্কারিতে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় বলছে, হল-মার্কের পণ্য উৎপাদন কারখানাগুলো আবার চালু করা হলে প্রতিষ্ঠানটির আয় থেকে অনেক শ্রমিকের কর্মসংস্থান হবে। পাশাপাশি সোনালী ব্যাংকের পাওনা আদায়েরও ব্যবস্থা হবে।
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেছেন, “এত বড় জালিয়াত দস্যুর সম্পদ বিবরণী বা আয়-ব্যয়ের হিসাব কি কেউ প্রস্তুত করেছেন। সোনালী ব্যাংকেরই তো মূল দায়িত্ব। সেখানে সনাক্তকৃত সম্পদের সদ্ব্যবহার কীভাবে হতে পারে তা অবশ্যই দেখা দরকার। সেজন্য প্রয়োজনে প্রশাসক দিয়ে কারখানা চালু করার চিন্তা করতে হবে।”
হল-মার্কের কারখানা চালুর বিষয়ে সোনালী ব্যাংকের সুপারিশ পেলেই মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ নেবে। আর এ বিষয়ে ‘সুধী সমাজের’ মতামতও বিবেচনা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
শনিবার দুপুরে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীদের সঙ্গে প্রাক বাজেট মতমিনিময়েও হল-মার্ক প্রসঙ্গে আলোচনায় হয়।
এতে অর্থমন্ত্রী বলেন, “হল-মার্ক বা সোনালী ব্যাংকের কর্মকর্তারা ছাড়া অন্য কেউ যদি এ কেলেঙ্কারিতে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।”
