করণীয় ঠিক করতে ৬ এপ্রিল বসছেন ব্যবসায়ীরা
চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীদের করণীয় ঠিক করতে আগামী ৬ এপ্রিল একসঙ্গে বসছে ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এই ‘ব্যবসায়ী সম্মেলন’ আয়োজন করেছে।
৬ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এই সম্মেলন হবে।
তাতে যোগ দিতে বৃহস্পতিবার সব সদস্য চেম্বার ও ব্যবসায়ী সমিতিগুলোকে চিঠি পাঠিয়েছে এফবিসিসিআই।
প্রতিটি ব্যবসায়ী চেম্বারের সভাপতিসহ কমপক্ষে দুজনকে সম্মেলনে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
দেশের ৭৩টি চেম্বার ও ২৯৩টি ব্যবসায়ী সমিতি এফবিসিসিআইয়ের সদস্য।
শীর্ষ সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ চিঠিতে বাংলাদেশের সম্ভাবনার দিক তুলে ধরে অস্থিরতার কারণে তার ওপর নেতিবাচক প্রভাব তুলে ধরেন।
“আমাদের এ ধারাবাহিক উন্নয়ন ও সম্ভাবনা বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতা, সহিংস আন্দোলন ও উপর্যুপরি হরতাল ও ধ্বংসাত্মক কর্মসূচির কারণে বিঘ্নিত হচ্ছে এবং আমাদের উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনার দ্বার রুদ্ধ হয়ে পড়ছে।”
বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে কাজী আকরাম বলেন, “জাতীয় অর্থনীতির স্বার্থে ব্যবসায়ী সমাজ সবসময়ই হরতাল ও ধ্বংসাত্মক কর্মসূচির বিপক্ষে।
“কেননা দেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের অর্থনীতি। এ ধরনের কর্মসূচির কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটছে, জীবন-জীবিকার জন্য সাধারণ জনগণ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।”
“বিশেষ করে বিভিন্ন উৎপাদনশীল খাত, রপ্তানিমুখী শিল্প, ব্যাংক, বীমা, পরিবহন, স্বাস্থ্যসেবা, মানব সম্পদসহ দেশের সকল অর্থনৈতিক ভিত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।”
এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, বলেন এফবিসিসিআই সভাপতি।
