২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষাত চেয়ে খালেদাকে ফের চিঠি এফবিসিসিআই’র

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে আবারও চিঠি পাঠিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 05:16 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার‌্যালয়ে পাঠানো ওই চিঠিতে জরুরি ভিত্তিতে খালেদা জিয়ার সাক্ষাত চাওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এফবিসিসিআই’র সহ-সভাপতি মো. হেলালউদ্দিন।

এর আগে গত ১০ মার্চ এক চিঠিতে সংগঠনটি বিএনপি চেয়ারপারসনের সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠালেও তার জবাব মেলেনি।

জানা গেছে, খালেদা জিয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আবার দেখা করতে চান ব্যবসায়ী নেতারা।

এদিকে বুধবার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করছে সংগঠনটি। এতে মানববন্ধন, সাদা পতাকা মিছিল ও ব্যবসায়ীদের সমাবেশের মত নতুন কিছু কর্মসূচির ঘোষণা আসতে পারে। প্রধান দুই দলের মধ্যে কোনো সমঝোতা না হলে এসব কর্মসূচি পালন করবেন ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনের আগে সংগঠনটি জরুরি বোর্ড সভাও ডেকেছে।

বিরোধী দলীয় নেতার সাক্ষাতের সময় চেয়ে নতুন করে চিঠি দেওয়ার কারণ জানতে চাইলে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলালউদ্দিন বলেন, “সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা একটু জরুরি ভিত্তিতে দেখা করতে চাই।”

সম্প্রতি কয়েকটি হরতালে পণ্য পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। হরতালে তৈরি পোশাক খাতের পণ্য পরিবহনে ব্যবহৃত গাড়ি চলাচলের সুযোগ থাকলেও তা করতে দেওয়া হচ্ছে না। যে কারণে পোশাক শিল্প ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

জানা গেছে, সোমবার এফবিসিসিআইয়ের সাবেক কয়েকজন সভাপতি গুলশানে একটি হোটেলে বৈঠক করেন। ওই সভায় ঘন ঘন হরতালে ব্যবসার ক্ষয়ক্ষতি রোধে করণীয় নিয়ে আলোচনা হয়।