২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষতি পোষাতে ব্যাংক-বন্দর-কাস্টম খোলা রাখার প্রস্তাব’

হরতালের ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনগুলোতে ব্যাংক, বন্দর ও শুল্কবিভাগ খোলা রাখার জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 07:12 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

মঙ্গলবার হরতালের ক্ষতির প্রতিকার চাইতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব করেন ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা।

সকালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে কাজী আকরাম উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, বৈঠকে ব্যবসায়ীরা শুক্র ও শনিবার এবং হরতালের পরদিন ছুটি থাকলেও ব্যাংক, বন্দর ও শুল্কবিভাগ খোলা রাখা প্রস্তাব করেছেন তারা। এছাড়া হরতালের দিন ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-বেনাপোল মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করারও অনুরোধ করা হয়েছে।

কাজী আকরাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘন ঘন সহিংস হরতালে ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনীতির ব্যাপক ক্ষতির হচ্ছে। আমরা এই হরতালের প্রতিকার বিষয়ে অর্থমন্ত্রীর কাছে কয়েকটি প্রস্তাব দিয়েছি। মন্ত্রী মহোদয় আমাদের প্রস্তাব বিবেচনা করার আশ্বাষ দিয়েছেন।”

এফবিসিসিআই সভাপতি বলেন, “হরতালের কারণে খুচরা ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। আমরা এসব সমস্যা সমাধানের জন্য মন্ত্রীকে অনুরোধ করেছি।”

বৈঠক শেষে হরতালের সময় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-বেনাপোল মহাসড়কে যান চলাচল নিরাপদ করার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের সঙ্গেও বৈঠক করেন ব্যবসায়ী নেতারা।

স্বরাষ্ট্রমন্ত্রী এবিষয়ে পুলিশসহ আইনশৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলোর প্রধানদের সঙ্গে আলোচনা করবেন বলে ব্যবসায়ী নেতাদের জানিয়েছেন।

বৈঠকে থাকা একাধিক ব্যবসায়ী নেতা জানান, অর্থমন্ত্রী এসব সমস্যা সমাধানে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেনের সঙ্গে তাৎক্ষণিকভাবে আলোচনা করেছেন।

সোমবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৮ দলের আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ২৭ ও ২৮ মার্চ টানা ৩৬ ঘণ্টার হরতাল ঘোষণা করেন।

এর আগেও গত কয়েক মাস ধরে বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোট বিভিন্ন দাবিতে হরতাল ডেকেছে।

ইতিমধ্যে এফবিসিসিআই হরতালের ক্ষয়-ক্ষতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে। আইন করে হরতাল বন্ধের পক্ষেও মত দিয়েছে সংগঠনটি। এছাড়া অন্যান্য ব্যবসায়ী সংগঠনও হরতালের ক্ষয়ক্ষতি তুলে ধরে হরতাল না করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারর্স অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুল ইসলাম, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলামীন, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি ও এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ, এফবিসিসিআইর সাবেক সভাপতি আনিসুল হক, বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারর্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. হাতেমসহ কমপক্ষে ১০ জন ব্যবসায়ী নেতা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন।