এডিপিতে ২,৬৩৪ কোটি টাকা কাটছাঁট
বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে এবারো ২ হাজার ৬৩৪ কোটি টাকা কাঁটছাট করেছে সরকার।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে চলতি ২০১২-১৩ অর্থবছরের জন্য ৫২ হাজার ৩৬৬ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে, যা আগের পরিকল্পনায় ছিল ৫৫ হাজার কোটি টাকা।
বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার ৩৬৬ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদনের প্রস্তাব করা হয়। তবে বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে দুই হাজার কোটি টাকা বাড়িয়ে মোট ৫২ হাজার ৩৬৬ কোটি টাকার এডিপি অনুমোদন করা হয়।
বাড়তি বরাদ্দ স্থানীয় সরকার, সড়ক, বিদ্যুৎ, সেতু, শিক্ষা ও স্বরাষ্ট্র এই ছয় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে ব্যয় হবে বলে বৈঠকে জানান হয়।
বৈঠক শেষে পরিকল্পনা সচিব ভূইয়া সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অনুমোদিত আরএডিপিতে স্থানীয় মুদ্রা ৩৩ হাজার ৮৬৬ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা ১৮ হাজার ৫০০ কোটি টাকা রয়েছে।
এবারের আরএডিপির আকার গত বছরের আরএডিপি চেয়ে ১১ হাজার ২৮৬ কোটি টাকা অর্থাৎ ২৬ দশমিক ৮০ শতাংশ বেশি।
১৫৭টি নতুন প্রকল্পসহ আরএডিপিতে প্রকল্প সংখ্যা দাঁড়িয়েছে ১২০৫টি। এছাড়া ৬০৫টি বরাদ্দবিহীন অননুমোদিত প্রকল্প এতে অন্তর্ভূক্ত করা হয়েছে।
সংশোধিত এডিপিতে বিদ্যুৎ খাতে বরাদ্দ বেড়ে হয়েছে ৮ হাজার ৪৬৯ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৬ দশমিক ৮০ শতাংশ।
এছাড়া পরিবহন খাতে ৭৩০৬ কোটি টাকা (বরাদ্দের ১৪.৫০%); শিক্ষা ও ধর্ম খাতে ৬৩৭১ কোটি টাকা (বরাদ্দের ১৩.১০%); পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান খাতে ৬ হাজার ২৫৩ কোটি টাকা (বরাদ্দের ১২.৪০%), ভৌত পরিকল্পনা ও পানি সরবরাহ খাতে ৪ হাজার ৮২১ কোটি টাকা (বরাদ্দের ৯.৬০%), স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা, পরিবার কল্যাণ খাতে ৩ হাজার ৯৭৭ কোটি টাকা (বরাদ্দের ৭.৯%) এবং কৃষি খাতে ২ হাজার ৭৬৪ কোটি টাকা (বরাদ্দের ৫.৫০%) বরাদ্দ দেয়া হয়েছে।
বৈঠকে জানানো হয়, চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এডিপি বাস্তবায়নের হার ৪৪ শতাংশ, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬ শতাংশ বেশি।
বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য, মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
