২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ‘বিতাড়িত’ করার আহ্বান মুহিতের

দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে হরতাল ‘বিতাড়িত’ করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 10:12 AM

Updated : 25 Apr 2022, 06:30 PM

বুধবার বিদ্যুৎ ভবনে ফেঞ্চুগঞ্জ ১৬৩ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি সাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “হরতাল সহিংস হয়ে উঠলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হয়। তাই এখনই আমাদের কাজ হবে এই দেশ থেকে হরতাল বিতাড়িত করা।”

বেশ কিছুদিন ধরেই দেশের ব্যবসায়ী সংগঠনগুলো হরতালের বিরোধিতা করে আসছে। সম্প্রতি বেশ কয়েকটি হরতালে বিদ্যুৎ কেন্দ্র ও রেলসহ রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা করা হয়েছে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে আইন করে হরতাল বন্ধের আহ্বান জানানো হয়েছে।

কানসাটের বিদ্যুৎ উপকেন্দ্র ভাংচুর করে পুড়িয়ে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে মুহিত বলেন, “যারা ধর্ম নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।”

বিদ্যুৎ চুক্তি

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ফেঞ্চুগঞ্জ ১৬৩ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে সরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

বেসরকারি এ কোম্পানি গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি ২২ মাসের মধ্যে নির্মাণ করবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ২ টাকা ১ পয়সা।

মুহিত বলেন, “বিদ্যুৎ উৎপাদনে আমাদের লক্ষ্যমাত্রা পুরণ করতে এ কেন্দ্রটি সহায়তা করবে। গত চার বছরে আমরা প্রচুর বিদ্যুৎ উঃপাদন করেছি, তারপরও বিদ্যুৎ সংকট থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি। আরো হয়তো ৩ থেকে ৪ বছর লাগবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক।