২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: সংযোগ সড়ক নির্মাণে ঠিকাদার চূড়ান্ত

বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর সংযোগ সড়ক নির্মাণের কাজ করতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 10:39 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

জাজিরা অংশের সংযোগ সড়ক নির্মাণের এই কাজ পাচ্ছে এএমএল-এসসিএম জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। সাড়ে ১০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৭ কোটি টাকা।

বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন করে বলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানিয়েছেন।

সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির এই বৈঠক হয়।

বিশ্ব ব্যাংকের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর জটিলতার মধ্যে থাকা পদ্মা সেতুর মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২২ হাজার কোটি টাকার বেশি।

এই প্রকল্পে এক-তৃতীয়াংশের বেশি অর্থ বিশ্ব ব্যাংকের দেয়ার কথা থাকলেও দুর্নীতির অভিযোগ ওঠার পর তার তদন্ত নিয়ে দ্বন্দ্বে সরকার সংস্থাটির অর্থ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এরপর বিকল্প অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা সরকারের থাকলেও এর রূপরেখা এখনো জানানো হয়নি।

তবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, বর্তমান সরকারের মেয়াদেই অর্থাৎ আগামী আট মাসের মধ্যে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগকারী এই সেতু নির্মাণের কাজ শুরু হবে।

পুরনো খবর:

পদ্মা মামলা: সওজের নির্বাহী প্রকৌশলী কারাগারে
পদ্মা বাস্তবায়নের সময়সূচি প্রকাশ শিগগিরই: মুহিত
বিশ্ব ব্যাংকের অর্থ নেবে না বাংলাদেশ