২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 05:52 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

গণজাগরণ মঞ্চ থেকে ‘যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠান’ বর্জনের ডাক দেয়ার পর কয়েকটি স্থানে ইসলামী ব্যাংকের ওপর হামলার মধ্যে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এই চিঠি পাঠাল।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি বিভিন্ন স্থানে কিছু ব্যাংকের শাখা কার্যালয় ও এটিএম বুথে হামলার ঘটনা ঘটেছে।

“ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্পদ। যে কারণে এর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও আমাদের রয়েছে। এজন্য স্বরাষ্ট্র সচিবকে অনুরোধ করেছি।”

এর আগে একই বিষয়ে টেলিফোনে স্বরাষ্ট্র সচিবকে অনুরোধ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠানের যে তালিকা প্রকাশ করেছে, তাতে ইসলামী ব্যাংকের নাম রয়েছ।

এই ব্যাংটি বর্জনের ডাক দেয়া হয়েছে মঞ্চের পক্ষ থেকে, যারা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করছে।

এরপর ইসলামী ব্যাংকের এটিএম বুথ ও বিভিন্ন শাখা ভাংচুরের পর ব্যাংক কর্তৃপক্ষ গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করে একটি চিঠি পাঠায়।