‘সমঝোতার’ অনুরোধ ব্যবসায়ী নেতাদের
অস্থিতিশীলতা এড়াতে বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত নেতারা বৃহস্পতিবার শেখ হাসিনার সঙ্গে দেখা করে এই অনুরোধ জানান।
সৌজন্য এই সাক্ষাৎ কর্মসূচিতে লিখিত একটি বক্তব্য নিয়ে যান ব্যবসায়ী নেতারা। তাতে রাজনৈতিক মতভেদ দূর করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের বিপরীতমুখী অবস্থানের মধ্যে এফবিসিসিআই এই অনুরোধ রেখেছে।
আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে করতে চায় আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপির দাবি, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল।
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিতে পারে আশঙ্কা প্রকাশ করে এফবিসিসিআইয়ের বক্তব্যে বলা হয়, এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়।
একইসঙ্গে সরকারের সফলতা ধরে রাখতে শেষ বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার আহ্বানও জানান তারা।
নতুন সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে এফবিসিসিআই নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।
তারা প্রথমে শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পরে বৈঠক করেন।
নতুন নেতাদের সঙ্গে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান ও এ কে আজাদও ছিলেন।
গত ২৬ নভেম্বরের ভোটে এফবিসিসিআই পরিচালনা পরিষদের সদস্যরা নির্বাচিত হন। কাজী আকরামের নেতৃত্বে নতুন পর্ষদ দায়িত্ব নেয় ২৯ নভেম্বর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এফবিসিসিআইয়ের নতুন নেতারা।
“অস্থিতিশীল পরিবেশ অব্যাহত থাকলে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবে। বিনিয়োগকারীরা একটি স্থিতিশীল পরিবেশ চায়। আর তা দিতে ব্যর্থ হলে কেউ বিনিয়োগ করতে আসবে না।”
বিদ্যুৎ উৎপাদন বাড়ানোয় সরকারের পদক্ষেপের প্রশংসা করলেও তা এখনো চাহিদার সমান না হওয়ায় এক্ষেত্রে ‘জরুরি’ কর্মসূচি নেয়ার আহ্বান জানান তিনি।
আবাসন খাতে গ্যাস সরবরাহ প্রয়োজন বলেও জানান এফবিসিসিআই সভাপতি।
নতুন শিল্প প্রতিষ্ঠানগুলো বিনাশর্তে বিদ্যুৎ সংযোগ ও সরবরাহ নিশ্চিত করা জরুরি মন্তব্য করে এক্ষেত্রে জ্বালানি তেলের খরচ কমাতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং কয়লাভিত্তিক শিল্প প্রতিষ্ঠান স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া সৌর বিদ্যুৎ উৎপাদন, কয়লা ও গ্যাস-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ প্রত্যাশা করেন এফবিসিসিআই সভাপতি।
ব্যাংক ঋণের সুদের হার পর্যায়ক্রমে কমিয়ে আনার দাবি করেন তিনি। এছাড়া সরকারি ফান্ডের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংককে দেয়ার দাবিও জানান এই ব্যবসায়ী নেতা।
এফবিসিসিআই সভাপতি পাট, বস্ত্র, জ্বালানি ও বিদ্যুৎ খাতসহ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো বিশেষ করে লোকসানি প্রতিষ্ঠানগুলোকে পিপিপি’র আওতায় বেসরকারি খাতে দেয়ার সুপারিশ করেন।
মংলা বন্দরকে চট্টগ্রাম বন্দরের মত গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার প্রস্তাব জানান তিনি।
বাংলাদেশ বিমানের সার্বিক মান, দক্ষতা বৃদ্ধি ও ব্যবস্থাপনার উন্নয়ন অত্যন্ত জরুরি বলেও মন্তব্য তার।
যানযট নিরসনের জন্য ঢাকার বাইরে শিল্প পার্ক স্থাপন করে গার্মেন্টস, লেদার, প্লাস্টিক ইত্যাদি শিল্প কারখানা স্থানান্তরের প্রস্তাব করেন তিনি।
এফবিসিসিআইর কার্যক্রম সম্প্রসারণের জন্য ‘এফবিসিসিআই ইনস্টিটিউট অব অন্ট্রাপ্রেনারশিপ’ স্থাপনের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে অর্থ সহায়তা চান সংগঠনটির সভাপতি।
এছাড়া এফবিসিসিআইকে বরাদ্দ দেয়া এক একর জমি হাতির ঝিল প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় তার বিকল্প জমি চান তিনি।
অনুষ্ঠানে এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি হেলালউদ্দিন ফরমালিন বিষয়ে এবং সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী নারী উদ্যোক্তাদের জন্য সরকারের ১০০ কোটি টাকার থোক বরাদ্দের বিষয়ে বক্তব্য দেন।
