২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পদ্মার দৌড়ে’ এগিয়ে চীন

প্রায় তিনশো কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংককে করা অনুরোধ ফিরিয়ে নেয়ার পর বাংলাদেশ তিনটি বিদেশি বিকল্প নিয়ে চিন্তা-ভাবনা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 06:07 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

তবে বিষয়টি সম্পর্কে অবগত সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এই দৌড়ে ভারত ও মালয়শিয়ার চেয়ে চীন অনেক এগিয়ে রয়েছে।

মালয়শিয়া সেতু তৈরি করার পর ৩০ বছর তা পরিচালনা করতে চেয়েছে। ভারত শুধু ১০০ কোটি ডলার দিতে প্রস্তুত, তাও এর বেশিরভাগ আসবে বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে অর্থায়নের জন্য দুবছর আগে ঘোষণা করা ঋণচুক্তির অধীনে।

তবে মনে হচ্ছে, উভয় বিকল্পই বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, “মালয়শিয়া সেতু নিয়ে দীর্ঘ দিনের জন্য ব্যবসা করার চেষ্টা করছে।

“অন্যদিকে চীনা রেলওয়ে ব্রিজ ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড দুশো কোটি ডলার বিনিয়োগ করে নির্মাণ-মালিকানা-হস্তান্তরের (বিওটি) ভিত্তিতে সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছে, যেখানে প্রকল্পের খরচের ৭০ শতাংশ বর্তমান দামে পরিশোধ করা যাবে।”

গুরুত্বপূর্ণ হলো, চীনা কোম্পানিটি বর্তমান নকশা অনুসরণ করে তিন বছরের মধ্যেই প্রকল্প শেষ করা প্রতিশ্রুতি দিয়েছে। এর ও চীনের অন্যান্য অবকাঠামো কোম্পানির অতীত কাজের রেকর্ড দেখে বলা যায় এটা তাদের পক্ষে খুবই সম্ভব।

ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশকে শুধু প্রকল্পের ৩০ শতাংশ বা ৯০ কোটি ডলারের খরচ বর্তমান দামে বহন করতে হবে, যা মোটেই দেশের জন্য অসম্ভব নয়।

চীনে সাগরের ওপর দিয়ে ৩৬ কিলোমিটার দীর্ঘ হংজু বে ব্রিজ নির্মাণের অভিজ্ঞতা রয়েছে এই চীনা কোম্পানির।

তবে প্রায় ৬ কিলোমিটার পদ্মা সেতু নির্মাণের জন্য তিনটি চীনা কোম্পানির একটি কনসোর্টিয়াম গঠন করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়ে এই কোম্পানি।

Image
পদ্মা সেতু মালয়শিয়ার ‘চূড়ান্ত প্রস্তাব’ ৩ সপ্তাহের মধ্যে

পদ্মা সেতু মালয়শিয়ার ‘চূড়ান্ত প্রস্তাব’ ৩ সপ্তাহের মধ্যে

ওই কর্মকর্তা বলেন, চীনা কোম্পানিটি একটি রাষ্ট্রায়াত্ত বাণিজ্যিক ব্যাংক থেকে দুশো কোটি ডলার বিনিয়োগের একটা অংশ ঋণ নেবে, যা বাংলাদেশ সরকারকে বিনা সুদে বা সামান্য সুদে ২০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

চীনারা নিজেরাই সমস্ত সরঞ্জাম কেনার প্রস্তাব দিয়েছে। তবে প্রকল্প পর্যবেক্ষণ বিশেষ করে মান ও নিরাপত্তার বিষয়গুলো দেখভালের জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগ করতে দেবে বাংলাদেশকে।

ওই কর্মকর্তা বলেন, গত বছর বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তোলার পর চীন, ভারত ও মালয়শিয়ার মতো কয়েকটি বিদেশি উৎসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, “বিকল্পগুলো আমরা জানি না তা নয়। অনেকগুলো প্রস্তাবের সুবিধা-অসুবিধাগুলোও আমরা আলোচনা করেছি। আমার ধারণা, নিজেদের সম্পদ দিয়ে মূল কাজ শুরু করতে পারি এবং স্বল্প সময়ের মধ্যে বিদেশি অর্থায়ন চূড়ান্ত করতে পারি।”

জাইকা ও এডিবিও প্রকল্পের অর্থায়ন থেকে নিজেদের সরিয়ে নেয়ার পর দ্রুততা, মান ও প্রকল্পের বিশাল খরচ বহনের সক্ষমতার বিবেচনায় বাংলাদেশের সর্ববৃহৎ এই অবকাঠামো প্রকল্প নির্মাণে চীনা কোম্পানিটি খুব সহজেই দৌড়ে এগিয়ে আছে।

ভারতের সাবেক সামরিক প্রকৌশলী পিকে ঘোষ বলেন, “পদ্মা সেতুর মতো একটি মূল্যবান প্রকল্প বাস্তবায়নের চাপে থাকা সরকারের কাছে চীনারাই আদর্শ হতে পারে।”

দুর্গম হিমালয় অঞ্চলে অনেক সেতু নির্মাণে তত্ত্বাবধানে থাকা এই প্রকৌশলী বলেন, ভারত মানের দিকটি নিশ্চিত করতে পারলেও গতিতে পারবে না। কারিগরি কার্যক্রম বা অর্থায়ন- কোনো বিবেচনাতেই না।

তবে পদ্মা সেতু প্রকল্প চীনের হাতে চলে গেলে ভারত ব্যাপক অস্বস্তিতে ভুগবে। কারণ তাতে সামনের বছরগুলোতে বাংলাদেশে ভারতের ব্যাপক প্রচার ও সুনাম ম্লান হবে।

ঘোষ বলেন, সবচেয়ে ভাল হতো ভারত যদি বাংলাদেশকে সেতুটি নির্মাণ করে দিতে পারতো। যদি আমরা না পারি তাহলে এটা চীন নিবে এবং ভালভাবেই কাজ করবে।

তার মতে, চীনা কোম্পানির কাজের ক্ষেত্রে একটিমাত্র বিষয় বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য মনে না-ও হতে পারে। তা হলো- তাদের নিজেদের কর্মীবাহিনী এনে কাজ করা।

কাজের দ্রুত গতি নিশ্চিত করতে চীনা কোম্পানিগুলো যে কোনো জায়গায় তাদের কর্মীবাহিনী নিয়ে যায়, এমনকি সুদূর আফ্রিকাতেও।

কিন্তু ব্যাপক ঘনবসতিপূর্ণ বাংলাদেশের বিশাল এই প্রকল্পে নিজেদের হাজার হাজার মানুষের কাজ ও জীবিকার উপায় হবে বলে যেখানে ভাবা হচ্ছে, সেখানে এরকম একটি সিদ্ধান্ত নির্বাচনের বছরে ক্ষমতাসীন সরকারের জন্য নিঃসন্দেহে রাজনৈতিক ক্ষতির কারণ ঘটতে পারে বলে মনে করেন ভারতের এই প্রকৌশলী।