২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় অর্থ যোগাতে চায় ডিএসই

পদ্মা সেতু নির্মাণের অর্থ পুঁজিবাজার থেকে সংগ্রহের আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

রিয়াজুল বাশার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 10:56 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

ঋণদাতা সংস্থাগুলো সরে দাঁড়ানোর পর এই প্রস্তাব দিয়ে সেতু নির্মাণের নতুন পরিকল্পনাও সরকারের কাছে জানতে চেয়েছে দেশের প্রধান পুঁজিবাজার কর্তৃপক্ষ।

‘দুর্নীতির’ তদন্ত নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পের প্রধান ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংকের অর্থ সরকার না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর ঋণদাতা অন্য দুই সংস্থা এডিবি ও জাইকাও এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে।

বিশ্ব ব্যাংককে বাদ দিলেও এই মেয়াদেই সেতুর কাজ শুরুর আশা করে আসছে সরকার। তবে অর্থায়নের বিষয়ে সুস্পষ্ট কিছু এখনো জানায়নি। এর মধ্যেই প্রস্তাব এল ডিএসইর।

রোববার সদ্য গঠিত পুঁজিবাজার সমন্বয় কমিটির প্রথম বৈঠকের পর কমিটির আহ্বায়ক ও এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ডিএসই দেশের বহু প্রতীক্ষিত এই সেতু নির্মাণে অর্থের যোগান দিতে চাচ্ছে।

ডিএসই সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের বলেন, “নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নে যে পরিকল্পনা করা হচ্ছে, পুঁজিবাজারই হতে পারে সে পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম অংশীদার। পদ্মা সেতু বাস্তবায়নে অর্ধেক টাকা পুঁজিবাজার থেকে তোলা সম্ভব।”

Image
পদ্মা সেতু হবে: এডিবি

পদ্মা সেতু হবে: এডিবি

“সরকার তাদের পরিকল্পনা জানালে কীভাবে অর্থ তোলা যাবে, তার প্রস্তাব আমরা পাঠাব,” বলেন তিনি।

কাজী আকরাম বলেন, “দুনিয়ার সব জায়গাতেই এই ধরনের প্রকল্পে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা হয়। কারণ পুঁজিবাজার থেকে অর্থ নিলে কোনো সুদ দিতে হয় না।

“পদ্মা সেতু বাস্তবায়নেও ডিএসই অর্থ দিতে চাচ্ছে। আমরা ডিএসইর পেছনে আছি,” বলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সভাপতি।

কীভাবে পুঁজিবাজার থেকে অর্থ তোলা যাবে- তার ব্যাখ্যা দিয়ে ডিএসই সভাপতি জানান, পদ্মা সেতুর জন্য ‘শেয়ারে কনভার্টেবল বন্ড’ ছাড়া যেতে পারে, বঙ্গবন্ধু সেতুকে কোম্পানিতে রূপান্তর করে এর একটি অংশ পুঁজিবাজারে ছাড়া যেতে পারে।

“এছাড়া সরকারি অন্যান্য কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা এবং ইতোমধ্যে তালিকাভুক্ত সরকারি কোম্পানিগুলোর আরো শেয়ার বাজারে ছাড়া যেতে পারে।”

তহবিল তৈরিতে প্রবাসী বাংলাদেশিদেরও সম্পৃক্ত করার পরামর্শ দিয়ে রকিব বলেন, এজন্য দেশে-বিদেশে ডিএসই নিজস্ব খরচে প্রচার চালাবে।

পুঁজিবাজার পরিস্থিতি

কাজী আকরাম সাংবাদিকদের বলেন, তার নেতৃত্বাধীন নবগঠিত সমন্বয় কমিটি পুঁজিবাজারকে সচল ও চাঙা করতে কাজ করছে।

কিছু দিনের মধ্যেই পুঁজিবাজার ভালো অবস্থানে যাবে বলে আশা করছেন তিনি।

Image
তালিকাভুক্তি নীতি-প্রিমিয়াম বিধানে পরিবর্তন আনছে ডিএসই

তালিকাভুক্তি নীতি-প্রিমিয়াম বিধানে পরিবর্তন আনছে ডিএসই

“বাজার অনেক পড়ে গেলেও একটা অবস্থানে রয়েছে। বাজারে পুঁজির অভাব নেই, এখানে আস্থা ও সমন্বয়ের অভাব রয়েছে। এটা আমরা দূর করার চেষ্টা করছি।”

“আমরা যদি বাজারকে ওপরের দিকে নিয়ে যেতে পারি তাহলে ভিশন-২০২১ বাস্তবায়ন সহজ হবে,” বলেন এফবিসিসিআই সভাপতি, যিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যও।

কেন্দ্রীয় ব্যাংকের সদ্য ঘোষিত মুদ্রানীতি পুঁজিবাজার ও ব্যাংকখাতের ওপর ‘ইতিবাচক’ প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি।

সমন্বয় কমিটির মুখপাত্র রকিব বলেন, “যেখানে যে সমস্যা হবে তা এ সমন্বয় কমিটি দেখবে। প্রয়োজনে সরকার প্রধানের সঙ্গে কমিটির প্রধান বৈঠক করবে।”

ডিএসই পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে ইসলামী শরীয়াহ সূচক চালু করতে যাচ্ছে বলেও জানান তিনি।

সমন্বয় কমিটির প্রথম বৈঠকে উপস্থিত থাকা কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজের চেয়ারম্যান তপন চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) সভাপতি নুরুল আমীন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর প্রতিনিধি ও আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ এবং বিনিয়োগকারীদের প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল ওয়াকার-উজ-জামান।