পদ্মা থেকে সরে গেল এডিবি
পদ্মা সেতু প্রকল্প থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি।
শুক্রবার রাতে এক বিবৃতিতে এডিবি জানিয়েছে, এই প্রকল্পের প্রধান অর্থদাতা ছিল বিশ্ব ব্যাংক। এডিবি, জাইকা ও আইডিবি সহযোগী অর্থদাতা। তাই অর্থায়নে বিশ্ব ব্যাংক না থাকায় এডিবিও সেখানে থাকতে পারে না।
তবে পদ্মা সেতুর গুরুত্ব তুলে ধরে এই প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে আশাবাদ প্রকাশ করা হয়েছে এডিবির বিবৃতিতে। এছাড়া বাংলাদেশে দারিদ্র্য বিমোচন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংস্থাটি।
২৯০ কোটি ডলারের এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল।
এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি ও আইডিবি ১৪ কোটি ডলার দেয়ার জন্য চুক্তি করে সরকারের সঙ্গে।
কিন্তু কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর ২০১১ সালের সেপ্টেম্বরে চুক্তি স্থগিত করে বিশ্ব ব্যাংক।
দুদক এরপর তদন্ত শুরু করলেও সরকারের সঙ্গে মতভেদ না কাটায় গত জুন মাসে বিশ্ব ব্যাংক ঋণচুক্তি বাতিল করে। এরপর সরকারের নানামুখী তৎপরতায় তারা সিদ্ধান্ত বদলায়।
তাদের দেয়া শর্ত অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর লুইস গাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল দুদকের তদন্ত পর্যবেক্ষণে দুই দফা ঢাকা সফর করে।
দুর্নীতির অভিযোগ পাওয়ার পর অনুসন্ধান পর্যায়ে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান, সাবেক সেতু সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ ২৯ জনকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন।
তবে গত বছর ১৭ ডিসেম্বর ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের’ অভিযোগে দুদক সাত জনের বিরুদ্ধে যে মামলা করে তাতে আবুল হোসেন ও আবুল হাসানের নাম বাদ দেয়া হয়।
এরপর বিশ্ব ব্যাংক প্যানেল চলতি মাসে দুদকের তদন্ত নিয়ে একটি চিঠি পাঠায়, যাতে পর্যবেক্ষকরা তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলে গণমাধ্যমের খবরে বলা হয়। বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, শর্ত পূরণ না হলে তারা পদ্মার অর্থ ছাড় করবে না।
এসব বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে বিবৃতিতে বলা হয়, “সরকার প্রথম থেকেই বলছে যে বিশ্ব ব্যাংকের দুর্নীতি বিষয়ক অভিযোগ তারা যথাযথভাবেই বিবেচনা করছে। কিন্তু অভিযোগের পক্ষে প্রমাণের অভাবে ২০১২ সালের জুন মাস পর্যন্ত এফআইআর পেশ করার মতো অবস্থা ছিল না। বিশ্ব ব্যাংক নভেম্বর মাসে অতিরিক্ত প্রমাণ সরবরাহ করলে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন কিছু অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর পেশ করে। এই এফআইআরে তারা আরো কতিপয় অভিযুক্ত ব্যক্তি সম্বন্ধে তদন্ত চালিয়ে যাবার ব্যবস্থা নিয়েছে বলে জানায়।
“বাংলাদেশ সরকার মনে করে যে, এই পদক্ষেপ যথাযথ এবং তারই ভিত্তিতে বিশ্ব ব্যাংকের প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা সমীচীন হতো। এ ক্ষেত্রে দেখা গেল যে বাংলাদেশ সরকারের প্রকল্প বাস্তবায়নের সময়সূচি বিশ্বব্যাংকের সময়সূচির সঙ্গে সমঞ্জস্যপূর্ণ নয়। বিশ্ব ব্যাংকের সময়সূচি অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের কাজ অনিশ্চিত।”
শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, বিশ্ব ব্যাংককে না করার পাশপাশি এডিবি, আইডিবি ও জাইকাকে এ প্রকল্পে থাকার জন্য বলা হয়েছে।
অর্থায়ন নিয়ে অনিশ্চয়তার কারণে গত বছরেই মালয়শিয়া সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা এগিয়ে নেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। দুইপক্ষের মধ্যে সমঝোতাও হয়।
এছাড়া প্রধানমন্ত্রীর উদ্যোগে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ অনুদান নিয়ে এ প্রকল্প বাস্তবায়নেরও প্রক্রিয়া শুরু হয় গতবছর। অনুদানের অর্থ সংগ্রহের জন্য দুটি ব্যাংক অ্যাকাউন্টও খোলা হয়।
গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, জানুয়ারিতে বিশ্ব ব্যাংকের সাড়া না পেলে ‘বিকল্প অর্থায়নে’ পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে।
