ধাতব মুদ্রা সরবরাহ বাড়াতে নির্দেশ
বাজারে ধাতব মুদ্রা সরবরাহ বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যাংকগুলোকে এ নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অফিসার সাইফুল ইসলাম খান।
বৈঠকে অংশ নেয়া এক কর্মকর্তা জানান, বাজারে চাহিদা থাকা সত্ত্বেও ব্যাংকগুলো কয়েন সরবরাহ করছে না বলে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে ধরা পড়েছে।
আবার কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন টাকা নেয়, তখন মোট চাহিদার এক দশমিক ৫০ শতাংশ কয়েন নেয়ার বিধান থাকলেও তা পালন করতে চাইছে না ব্যাংকগুলো।
এই জন্যই এই নির্দেশ দেয়া হয় বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা।
কারেন্সি অফিসার সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনলিমিটেড(অতিরিক্ত) কয়েন পড়ে আছে বাংলাদেশ ব্যাংকের ভল্টে। ব্যাংকগুলো যত চাইবে, ততই দিতে পারব।”
বাজারে কয়েন ও কম মূল্যমানের নোটের ঘাটতি রয়েছে। যে কারণে পুরানো ছেড়া-ফাটা নোট দিয়েও লেনদেন হতে দেখা যাচ্ছে। খুচরার অভাবে অনেক দোকানে ক্রেতাকে চকলেটও ধরিয়ে দেয়া হয়।
প্রতি মাসেই ছেড়া-ফাটা নোট পরিবর্তন ও কয়েন সরবরাহ বিষয়ে ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক, সোমবারের বৈঠক ছিল এরই একটি।
সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোট পরিবর্তন বিষয়ক বিধি সম্প্রতি হালনাগাদ হয়েছে। এই বিধি যথাযথভাবে পরিপালনের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
ছেড়া-ফাটা নোট বদলে দেয়ার জন্য ব্যাংকগুলোর শাখায় বিশেষ কাউন্টার ও সাইন বোর্ড থাকার কথা থাকলেও তা মানা হচ্ছে না বলে দেখতে পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক শুভংকর সাহা। বৈঠকে সব ব্যাংকের প্রতিনিধি ছিলেন।
