২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রিজার্ভ বাড়ার খারাপ দিকও আছে’

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ১৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করলেও এর নেতিবাচক দিকও ভাবনায় রেখেছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 03:24 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩০৬ কোটি ডলার। এর আগে ৭ জানুয়ারি রিজার্ভ ১৩ দশমিক ১২ বিলিয়ন ডলারে ওঠে।

অর্থমন্ত্রী বিকালে সচিবালয়ে তার দপ্তরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা খুবই ভালো খবর যে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্বিতীয় বারের মতো ১৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

“তবে এর একটা খারাপ দিকও আছে। রিজার্ভ বেশি থাকলে ডোনাররা তাদের সাহায্য-টাহায্য দেয়া কমিয়ে দেবে। বলবে,

তোমরা তো ভালোই আছো; সাহায্যের দরকার কী?”

মূলত প্রবাসীদের রেমিটেন্সের ওপর ভর করেই রিজার্ভ বেশ কিছু দিন ধরে সন্তোষজনক অবস্থায় রয়েছে বলে জানান মুহিত।

তিনি বলেন, “রিজার্ভ বাড়লে বা রেমিটেন্স বেশি এলে মূল্যস্ফীতিও বাড়ে। তবে আমরা মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির মাধ্যমে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছি।”

রিজার্ভ বিনিয়োগে আনার কোনো উদ্যোগ নেয়া হবে কিনা- এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, “অবশ্যই উদ্যোগ নেয়া হবে। অপেক্ষা করেন, দেখতে পাবেন।”

শুধু রেমিটেন্স বা রিজার্ভ নয় রাজস্ব আদায়, রপ্তানি আয়, জনশক্তি রপ্তানি, বিদেশি সাহায্য ও বিদেশি বিনিয়োগের মতো সূচকগুলো বেশ ভালো অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “বিদেশি মিডিয়ায় প্রায় প্রতিদিনই বাংলাদেশকে নিয়ে প্রশংসা করা হচ্ছে। অথচ আমাদের সংবাদ মাধ্যমে এ ব্যাপারটি নিয়ে বেশ কার্পণ্য লক্ষ্য করছি আমি।”

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, চলতি জানুয়ারি মাসের মধ্যে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করতে রাজি না হলে বিকল্প ব্যবস্থায় পদ্মা সেতুর কাজ শুরু করা হবে।

সেটা হলে পদ্মা সেতু নির্মাণের জন্য বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে।

এর আগে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করার পর প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।

তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সংবাদ সম্মেলন করে বলেছিলেন, “দেশের অর্থনীতির স্বার্থে পদ্মা সেতুর জন্য বৈদেশিক মুদ্রার প্রয়োজন হলে রিজার্ভ থেকে তা যোগান দেয়া হবে।”

রেমিটেন্স প্রবাহ ভাল থাকায় এবং রপ্তানি আয়ের পাওনা দ্রুত ছাড় হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ বৃহস্পতিবার আবার ১৩ শ’ কোটি ডলার ছাড়ায়।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেমিটেন্সের ইতিবাচক ধারা অব্যাহত থাকায় এক মাসের মধ্যেই দ্বিতীয় দফা ১৩ শ’ কোটি ডলারের ঘর অতিক্রম করেছে রিজার্ভ।

তিনি বলেন, “তাছাড়া ডলারের দাম পড়ে যাওয়ায় রপ্তানিকারকরা দ্রুত তাদের পেমেন্ট দেশে আনছেন। এতে বিদেশি মুদ্রার প্রবাহ বেড়েছে।”

রপ্তানি ব্যয় হ্রাস পাওয়া এবং প্রকল্প সাহায্যের অর্থ ছাড়ের পরিমাণ বৃদ্ধিও এতে ভূমিকা রেখেছে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা। 

চলতি মাসের প্রথম সপ্তাহে রিজার্ভ অতীতের সব রেকর্ড ভেঙে ১৩ দশমিক ১২ বিলিয়ন ডলারে ওঠে।

এরপর নভেম্বর-ডিসেম্বর মেয়াদে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ৫৯ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ১২ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে নেমে আসে।

বিদেশি মুদ্রা আসার প্রবাহ ভাল থাকায় ১৭ দিনের মাথায় আবার তা ১৩ বিলিয়ন ডলার ছাড়াল।

গত বছরের মতো চলতি বছরের শুরুতেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

জানুয়ারি মাসের প্রথম ১৮ দিনে (পহেলা জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত) ৮০ কোটি ৫৪ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

আর ২০১২ সালে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ৪২০ কোটি ডলার। দেশের ইতিহাসে এক বছরে এই পরিমাণ রেমিটেন্স আগে কখনো আসেনি।

চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) প্রবাসী পাঠানো আয়ের পরিমাণ দাঁড়ায় ৭৪০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ২২ শতাংশ বেশি।

একই সময়ে রপ্তানি আয় বেড়েছে ৭ শতাংশ। জুলাই-নভেম্বর সময়ে আমদানি ব্যয় কমেছে ৬ দশমিক ৮৮ শতাংশ।

তবে এ সময়ে বিদেশী সাহায্য ছাড়ের পরিমাণ বেড়েছে ১০৭ শতাংশ।

বৃহস্পতিবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৭৯ টাকা ৩০ পয়সায় বিক্রি হয়েছে। গত বছরের জানুয়ারিতে এই ডলারের দর প্রায় ৮৫ টাকায় উঠেছিল।