প্রথম লাইসেন্স পাচ্ছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক
প্রাথমিক অনুমোদন পাওয়া নয়টি ব্যাংকের মধ্যে প্রথম লাইসেন্স পাচ্ছে প্রবাসী উদ্যোক্তাদের এনআরবি কমার্শিয়াল ব্যাংক।
রোববার গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বেবাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই ব্যাংকটির লাইসেন্স অনুমোদন করা হবে বলে একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ ব্যাংকের সম্মতিপত্র (এলওআই) পাওয়া নতুন নয়টি ব্যাংকের মধ্যে প্রথম লাইসেন্স পাচ্ছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। এরই মধ্যে এই ব্যাংকের সার্বিক তথ্য পর্যালোচনা শেষ হয়েছে।”
লাইসেন্স দেয়ার জন্য ব্যাংকের মেমো বোর্ডে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
বেসরকারি খাতে নতুন অনুমোদন পাওয়া ৯টি ব্যাংকের মধ্যে ৬টি দেশীয় উদ্যোক্তাদের আর ৩টি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের।
এরই মধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় খবর এসেছে রাজনৈতিক বিবেচনায় এই ব্যাংকগুলোকে অনুমোদন দেয়া হচ্ছে।
প্রস্তাবিত ব্যাংকগুলোর মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংক সব অর্থ পরিশোধ করেছে।
এনআরবি ব্যাংকের ক্ষেত্রে আয়কর বিবরণীতে প্রদর্শিত অর্থ থেকে মূলধন যোগানের শর্ত না থাকায় ব্যাংকটি লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে রয়েছে। দেশীয় উদ্যোক্তাদের সব অর্থ হতে হবে আয়কর বিবরণীতে প্রদর্শীত অর্থ। অর্থাৎ সাদা (বৈধ্য উপায়ে উপার্জিত অর্থ)অর্থ।
১২টি দেশের ৫৩ জন প্রবাসী বাংলাদেশি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা। ব্যাংকটি পরিশোধিত মূলধন হিসেবে ৪৫০ কোটি টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা মূলধন নিয়ে কাজ শুরুর আবেদন করেছে।
এই ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী ফরাসত আলী। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিশিষ্ট ব্যাংকার দেওয়ান মুজিবুর রহমানকে প্রস্তাব করা হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয় নেয়া হয়েছে রাজধানীর ১১৪ মতিঝিলের রেড ক্রিসেন্ট ভবনে।
বাকি আট ব্যাংকের মধ্যে ৬টি বিভিন্ন শর্ত পূরণ করে কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া সময়ের মধ্যে (গত বছরের ৩০ সেপ্টেম্বর) লাইসেন্সের জন্য আবেদন জমা দিয়েছিলো।
দুটি ব্যাংক সময় চেয়ে আবেদন করেছিল। এদের মধ্যে মধুমতি ব্যাংক লাইসেন্সের জন্য সম্প্রতি আবেদন করে।
স্থানীয় উদ্যোক্তাদের ফার্মাস ব্যাংক এবং প্রবাসীদের মালিকানাধীন এনআরবি গ্লোবাল ব্যাংক ৪০০ কোটি টাকার মূলধনসহ আবেদন না করায় তাদের লাইসেন্স প্রক্রিয়ার কোনো অগ্রগতি হয়নি।
লাইসেন্সের জন্য আবেদন করা ইউনিয়ন ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, ফার্মার ব্যাংক এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের উদ্যোক্তাদের আয়কর বিবরণীর তথ্য যাচাই-বাছাই চলছে বলে কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা জানান।
