ছয়মাসে কৃষিঋণ বিতরণ ৪৫%
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বছরের লক্ষ্যমাত্রার ৪৫ দশমিক ৪৪ শতাংশ ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো।
চলতি অর্থবছরে ব্যাংকগুলোর জন্য কৃষিখাতে ১৪ হাজার ১৩০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিতরণ করা ঋণের মধ্যে দুই হাজার ৮১৪ কোটি টাকা শষ্যখাতে বিতরণ করা হয়েছে। বাকী তিন হাজার ৬০৬ কোটি টাকা দেওয়া হয়েছে কৃষি যন্ত্রপাতি ব্যবসায়, গবাদি পশু ও মৎস চাষ এবং দারিদ্র্য বিমোচন প্রকল্পসহ অন্যান্য খাতে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, বিতরণ করা কৃষিঋণ দেশের কৃষি খাতের চাহিদার তুলনায় অনেক কম। তারপরও এই ঋণ বিতরণ করতেও ব্যাংকগুলোর মধ্যে নানা ধরণের শৈথিল্য দেখা যায়।
এবিষয়ে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংকগুলো যে পরিমাণ কৃষিঋণ বিতরণ করছে তা দেশের কৃষি খাতের চাহিদার তুলনায় কম। এজন্য ব্যাংকগুলোকে লক্ষ্যমাত্রার সবটুকুই বিতরণ করা দরকার।
ইব্রাহিম খালেদ বলেন, “তারপরও অনেক কৃষক ঋণ পান না। কারণ বেসরকারি ব্যাংকগুলো এখনও গ্রাম পর্যায়ে যেতে পারেনি। সরকারি ব্যাংকগুলোরও শাখার ঘাটতি রয়েছে।”
এমনকি কৃষি ব্যাংকেরও সব জায়গায় শাখা নেই বলে জানান এই ব্যাংকার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে সরকারি ব্যাংকগুলো তিন হাজার ৮১২ কোটি ১৭ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক সর্বোচ্চ দুই হাজার ২৩২ কোটি ৭৮ লাখ টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৫৮১ কোটি ৩৫ লাখ, সোনালী ব্যাংক ৩০৭ কোটি ৫৭ লাখ, জনতা ব্যাংক ৩০৫ কোটি ৮১ লাখ, অগ্রণী ব্যাংক ৩০৯ কোটি ৭২ লাখ ও রূপালী ব্যাংক মাত্র ৭৪ কোটি ৯৩ লাখ টাকা বিতরণ করেছে।
বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো এই ছয় মাসে দুই হাজার ৬০৮ কোটি টাকা বিতরণ করেছে। এর মধ্যে ব্র্যাক ১৩৭ কোটি ৪৩ লাখ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ২৭১ কোটি ৮২ লাখ টাকা ঋণ বিতরণ করেছে।
ব্র্যাককে কৃষিঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল দিয়েছে।
গত ২০১১-১২ অর্থবছরের একই সময়ে পাঁচ হাজার ৭৩০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, কৃষিঋণ বিতরণ নিয়ে ব্যাংকগুলো অনেক কারচুপি করছে। ব্যাংক অনেক বাণিজ্যিক ঋণকে কৃষি ঋণ হিসেবে দেখাচ্ছে। আবার কোনো কোনো ব্যাংক ক্ষুদ্রঋণ বিতরণের জন্য এনজিওকে অর্থায়ন করে তা কৃষি ঋণ হিসেবে দেখাচ্ছে।
উদাহরণ হিসেবে এক কর্মকর্তা বলেন, পাওয়ার টিলার কেনার জন্য কৃষককে ঋণ না দিয়ে এর আমদানিকারককে দেয়া ঋণকে কৃষি ঋণ হিসাবে দেখিয়েছে একটি বেসরকারি ব্যাংক। আবার বীজ, সার ও কীটনাশকের ব্যবসায়ীকে ঋণ দিয়েও তা কৃষি ঋণ হিসাবে দেখানো হচ্ছে।
এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় দুর্বলতা রয়েছে বলে মনে করেন ওই কর্মকর্তা।
