বামরা তত্ত্ববাগীশ: মুহিত
তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বামপন্থীদের হরতাল ডাকার সিদ্ধান্ত রাষ্ট্র পরিচালনায় বামপন্থী দলগুলোর অনভিজ্ঞতার প্রতিফলন বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, “বাম দল হরতাল করতেই পারে। কারণ তারা জানে না ক্ষমতা কীভাবে ব্যবহার হয়।”
ফাইল ছবি
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি, বাসদ ও বাম মোর্চা আগামী ১৬ জানুয়ারি আধাবেলা হরতাল ডেকেছে।
মুহিত বলেন, “বাম দল হরতাল করছে, আশ্চর্য হইনি। তারা তত্বের ওপর নির্ভরশীল। আমাদের কিছু বলার নেই, এটা ভোটাররাই বলে।”
তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত ৬ জানুয়ারি দেশব্যাপী হরতাল ডাকে বিএনপিসহ ১৮ দল।
“কিন্তু বিএনপি হরতাল করে কীভাবে? তারা ক্ষমতায় থাকাকালে তেলের দাম ১৩৭ শতাংশ বাড়িয়েছিল। আমাদের সময় ৪০ শতাংশের মতো বেড়েছে,” বলেন মুহিত।
তেলের দাম বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়লে আমাদের প্রত্যেকটি প্রতিবেশী দেশে তেলের দাম বাড়ানো হয়। আর আমরা এ খাতে ভর্তুকি দিয়ে থাকি।
“তাই এটা নিয়ে প্রটেস্ট বা হরতাল করা পাগলামি। উন্মাদ, উন্মাদ।”
বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মুহিত।
গত ৩ জানুয়ারি সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ থেকে সাত টাকা করে বাড়ায়। বর্তমান সরকারের সময় এনিয়ে পঞ্চমবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।
