জাল নোট ‘বিশ্লেষণ কেন্দ্র’ হচ্ছে ঢাকায়
মুদ্রা জালিয়াতি ঠেকাতে জার্মানির সহযোগিতায় ঢাকায় একটি বিশ্লেষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পাশাপাশি নোট জাল করার অপরাধে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি নতুন আইনের খসড়া তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঢাকায় ‘ফেক নোট অ্যানালাইসিস সেন্টার’(জাল নোট বিশ্লেষণ কেন্দ্র) করতে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বুন্দেস ব্যাংক সহযোগিতা দেবে।
অসীম কুমার বলেন, এই বিশ্লেষণ কেন্দ্র হলে মুদ্রার নিরাপত্তা বাড়ার পাশাপাশি সংশ্লিষ্টদের দক্ষতাও বাড়বে।
জাল নোট বিশ্লেষণ কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষণ দিতে আগামী মাসেই ঢাকা আসছে জার্মান কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিনিধি দল।
আর জাল নোটের বিস্তার বন্ধে তৈরি আইনের প্রাথমিক খসড়া যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে নির্বাহী পরিচালক জানান।
বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানান, জাল নোট প্রতিরোধ সংক্রান্ত খসড়া আইনে ১০ হাজারটি বা তার বেশি জাল নোট; কিংবা ওই সংখ্যক নোট তৈরির মতো কাগজ, কালি ও অন্যান্য সামগ্রী পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তির প্রস্তাব করা হয়েছে।
আর সর্বনিম্ন শাস্তি হিসেবে ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে এ আইনে।
বিচারকাজে সাক্ষীর সমস্যা দূর করার জন্য একটি আলাদা ধারাও রাখার প্রস্তাব করা হয়েছে।
জাল নোট নিয়ে বর্তমানে পাঁচ হাজারেরও বেশি মামলা ঝুলে আছে বলে
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান।
জাতীয় সংসদের আগামী অধিবেশনেই আইনটি পাস হবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
