২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা

জ্বালানি তেলের দাম বাড়ানোয় কৃষি ও শিল্প পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে মূল্যস্ফীতি বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2013, 09:53 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

জ্বালানি তেলের দাম বাড়ানোয় কৃষি ও শিল্প পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে মূল্যস্ফীতি বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।

তাদের মতে, এর ফলে মানুষের সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৭ টাকা বাড়ানো হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে নিঃসন্দেহে উৎপাদন ও পরিবহন খরচ বাড়বে। এতে মূল্যস্ফীতিও বেড়ে যাবে।”

২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায় গত নভেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৫ শতাংশ। অক্টোবরে এই হার ৫ দশমিক ৮৬ শতাংশ ছিল।

আইএমএফের সমঝোতা করায় সরকারের তেলের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না বলে মনে করেন তিনি।

“আইএমএফের ঋণ পেতে সরকার যে সমঝোতা চুক্তি করেছে তাতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম নির্ধারণ করতে হবে। আর তা না করা হলে আইএমএফ ঋণ দেবে না।”

গত নভেম্বরে ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের কথা থাকলেও শর্ত পূরণ না হওয়ায় আইএমএফ তা করেনি জানিয়ে এই অর্থনীতিবিদ বলেন, “ব্যক্তিগতভাবে আমি এ নীতিতে বিশ্বাস করি না যে, জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে পুরোপুরি সমন্বয় করে অভ্যন্তরীণ বাজারে নির্ধারণ করতে হবে।”

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের(বিআইডিএস)গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, “জ্বালানি তেলের দাম বাড়ানোর সরাসরি প্রভাব পড়বে খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতিতে। এছাড়া শিল্প ও কৃষি উৎপাদনেও এর নেতিবাচক প্রভাব পড়বে।”

“বোরো চাষে প্রচুর ডিজেলের ব্যবহার হয়। ডিজেলের দাম বাড়ার কারণে ধানের উৎপাদন খরচ বাড়বে। এজন্য কৃষকের মূল্য পাওয়ার বিষয়টিও সরকারকে খেয়াল রাখতে হবে।”

কেরোসিনের দাম বাড়িয়ে দরিদ্রদের ওপর বাড়তি খরচের চাপ সৃষ্টি করা হয়েছে বলেও মনে করেন তিনি।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সব ক্ষেত্রেই একটা চাপ সৃষ্টি হবে।

বিজিএমইএ -এর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, “ইতিমধ্যে আমাদের ইউটিলিটি খাতে ৩৫ শতাংশ অতিরিক্ত ব্যয় হচ্ছে। তারপরও লোডশেডিং রয়েছে। ডিজেল চালিত জেনারেটর দিয়ে কারখানা চলছে। নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোয় আমাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে।”

বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে সরকারের এ সিদ্ধান্ত পোশাক শিল্পে ‘বোঝার ওপর শাকের আঁটি’ বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতে উৎপাদন খরচ বাড়বে। তৈরি পোশাক কারখানায় ডিজেল থেকে বিদ্যুৎ উৎপাদন করতে বর্তমানে প্রতি ইউনিটে ১২ থেকে ১৩ টাকা খরচ পড়ে। এটা আরও বেড়ে যাবে।”