২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবাইকে নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করব’

হল-মার্ক কেলেঙ্কারি নিয়ে চলমান আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে সামনে আসা চ্যালেঞ্জগুলো সবাইকে নিয়েই মোকাবেলা করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান এ এইচ এম হাবিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2012, 10:23 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

হল-মার্ক কেলেঙ্কারি নিয়ে চলমান আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে সামনে আসা চ্যালেঞ্জগুলো সবাইকে নিয়েই মোকাবেলা করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান এ এইচ এম হাবিবুর রহমান।

নিয়োগ পাওয়ার পরদিন রাজধানীতে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এসে দায়িত্ব বুঝে নিয়েই পর্ষদ সদস্যদের নিয়ে বৈঠক করেন নতুন চেয়ারম্যান। পরে তিনি কথা বলেন সাংবদিকদের সঙ্গে।

ব্যাংক ব্যবস্থা নিয়ে যখন ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে ঠিক সেই মুহূর্তে এই দায়িত্ব নেয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, “সবাইকে নিয়েই আমি চ্যালেঞ্জ মোকাবেলা করব। আমি আস্থাশীল, আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব।”

শুক্রবার ছুটির দিনের সকালে তিনি কার্যালয়ে এলে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর কর্মকর্তাদের সঙ্গে একদফা বৈঠক করেন হাবিবুর রহমান।

পরে বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকের বোর্ডরুমে পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

বোর্ডের বৈঠকে হল-মার্ক কেলেঙ্কারির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আজ এ বিষয়ে কিছু হয়নি। আগামী বৈঠকে এ বিষয়ে আলোচনা করব।”

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, “বছর শেষ হয়ে যাচ্ছে, অনেক কাজের বিষয় আছে। এসব নিয়ে আলোচনা করেছি।”

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বৃহস্পতিবার অধ্যাপক হাবিবুরকে সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালীর চেয়ারম্যান হিসেবে নিয়োগের আদেশ জারি করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের এই অধ্যাপক ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পঋণ সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস বিভাগের ডিন হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

চেয়ারম্যানের আগে গত ২০ ডিসেম্বর সোনালী ব্যাংকে আটজনসহ তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং চার বিশেষায়িত ব্যাংকে মোট ৩১ জন পরিচালক নিয়োগ দেয় সরকার।

সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় হল-মার্ক কেলেঙ্কারির পর সাবেক চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের ভূমিকা নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় উঠে।

এরপর মাস দুয়েক আগে পর্ষদের মেয়াদ শেষ হয়ে গেলেও পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাহারুল ইসলামকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে বলা হয়েছিল।

হল-মার্ক কেলেঙ্কারির পর অভিযোগ ওঠে, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরাও এই অনিয়মে জড়িত।

এরপর দুর্নীতি দমন কমিশন পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদও করে। তবে মামলায় পরিচালকদের কারো নাম আসেনি।