২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ ‘রিজার্ভড’ রাখলে ‘ক্ষতি’

বিশাল অঙ্কের এই রিজার্ভ অলস বসিয়ে রাখলে তা মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। আবদুর রহিম হারমাছির প্রতিবেদন।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2012, 10:30 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

বৈদেশিক মুদ্রার সঞ্চয়নে রেকর্ড হলেও তা ধরে রাখলে হিতে-বিপরীত হতে পারে বলে সরকারকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, বিশাল অঙ্কের এই রিজার্ভ অলস বসিয়ে রাখলে তা মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। তাই বিনিয়োগে নিয়ে আসতে হবে এই অর্থ।

দেশে শিল্পায়নের প্রধান অন্তরায় যে গ্যাস-বিদ্যুৎ সঙ্কট, সেই খাতের উন্নয়নেও এই রিজার্ভ বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিন শেষে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১২ দশমিক ৬৫ বিলিয়ন (১ হাজার ২৬৫ কোটি) ডলারে পৌঁছেছে।

মূলত প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিটেন্স) প্রবাহ বাড়ায় রিজার্ভ বেশ কিছুদিন ধরেই মজবুত অবস্থানে রয়েছে। বিদেশি সাহায্য বৃদ্ধি এবং আমদানি ব্যয় কমে যাওয়াও এতে প্রভাব ফেলেছে।

এখন কেন্দ্রীয় ব্যাংকের সঞ্চয়ে যে পরিমাণ ডলার রয়েছে, তা দিয়ে পাঁচ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

জানুয়ারি মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বর্ধিত ঋণ সুবিধার দ্বিতীয় কিস্তির ১৪ কোটি ১০ লাখ ডলার পাওয়া গেলে রিজার্ভ আরো বাড়বে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

অতিরিক্ত রিজার্ভ বিনিয়োগে আনার ঘোষণা গভর্নর আতিউর রহমান তিন বছর আগে দায়িত্ব নেয়ার সময় দিলেও তার কোনো বাস্তবায়ন না দেখা যাওয়ায় বিশেষজ্ঞরা বলছেন এতে আর দেরি করা ঠিক হবে না।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিপুল অঙ্কের এই রিজার্ভ ধরে না রেখে বিনিয়োগে আনতে এখনি সরকারের একটি পরিকল্পনা গ্রহণ করা উচিত।”

তার মতে, রিজার্ভ মূলত আপদকালীন খাদ্য আমদানির জন্য রাখা হয়ে থাকে। বর্তমানে আমাদের ১৫ লাখ টনের বেশি খাদ্য মজুদ আছে। আগামী এক-দেড় বছর খাদ্য আমদানির কোনো প্রয়োজন হবে না।

বেশি রিজার্ভ নিয়ে আত্মসন্তুষ্টিতে না ভুগতেও সরকারের প্রতি পরামর্শ রেখেছেন আওয়ামী লীগের আগের সরকারের সময়ে গভর্নরের দায়িত্ব পালনকারী ফরাসউদ্দিন।

“আমাদের দেশে রিজার্ভ কমে গেলেই সব কিছু ধ্বংস হয়ে গেল বলে এক ধরনের অপপ্রচার রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে রিজার্ভ বেশি থাকায় সরকার এক ধরনের আত্মতৃপ্তি পেতে পারে।”

“কিন্তু সাড়ে ১২/১৩ বিলিয়ন ডলারের রিজার্ভ অলস পড়ে থাকার খারাপ দিকও আছে। মানুষের জীবন বাঁচানোর জন্য যা প্রয়োজন, তা আমদানির সমপরিমাণ রিজার্ভ থাকলেই যথেষ্ট। বেশি রিজার্ভ মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে,” সতর্কবার্তা দেন তিনি।

এই বিষয়ের ব্যাখ্যায় ফরাসউদ্দিন বলেন, কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ধরে রাখলে বাজারে টাকার সরবরাহ বেড়ে যায়। আর টাকার সরবরাহ বাড়লে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়, যার স্বাভাবিক পরিণতিতে বাড়ে মূল্যস্ফীতি।

দেশের অর্থনীতির বর্তমান হাল বিশ্লেষণ করে তিনি বলেন, “অন্যান্য সূচক ভালো থাকলেও বিনিয়োগ পরিস্থিতি বেশ খারাপ। অর্থমন্ত্রীও বারবার এ বিষয়টি বলে আসছেন। এই পরিস্থতিতে বিনিয়োগ বাড়াতে রিজার্ভ ব্যবহার করা খুবই প্রয়োজন বলে আমি মনে করি।

“আমরা জানি আমাদের বিনিয়োগের প্রধান বাধা গ্যাস-বিদ্যুৎ অবকাঠামো। আমি চাই, এই সব সমস্যার সমাধানেই রিজার্ভ বিনিয়োগ করা হোক,”

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখতও রিজার্ভ বিনিয়োগের পক্ষে মত জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডলারের দর ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে বাজারে হস্তক্ষেপ করছে। এর ফলে বাজারে মুদ্রা সরবরাহ বেড়ে যাচ্ছে। যার ফল হিসেবে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে।”

মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ার দিকে ইঙ্গিত করে শিল্পায়নে বিনিয়োগ বাড়াতে রিজার্ভ খরচের পরামর্শ দেন জায়েদ বখত।

বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় প্রতিদিনই কমছে এর মান, বিপরীতে বাড়ছে টাকার দর।

এক বছর পর বৃহস্পতিবার ডলারের দর ৮০ টাকায় নেমে আসে। প্রতিদিন বাজার থেকে ডলার কেনার পরও ডলারের দর ধরে রাখতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবারও ৮০ টাকা দরে ৫৭ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে গত দুই সপ্তাহে প্রায় ২০০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।