হরতাল প্রত্যাহারের আহ্বান ব্যবসায়ীদের
দেশের স্বার্থে বিরোধী দলের হরতাল কর্মসূচি প্রত্যাহার করে সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি- এফবিসিসিআই।
দেশের স্বার্থে বিরোধী দলের হরতাল কর্মসূচি প্রত্যাহার করে সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি- এফবিসিসিআই।
বিএনপি নেতৃত্বাধীন জোটের আধাবেলা হরতালের আগের দিন বুধবার এফবিসিসিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ বলেন, “দেশের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বার্থে আগামীকালের হরতাল কর্মসূচি প্রত্যাহারের জন্য দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।”
একইসঙ্গে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি না দিয়ে বিকল্প ভাবার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
কাজী আকরাম বলেন, হরতালের মতো কর্মসূচি না দিয়ে বিরোধী দলের উচিৎ তাদের দাবিগুলো সংসদে গিয়ে তুলে ধরা।
আর বিরোধী দল যাতে সংসদে যেতে পারে সেই ‘পরিবেশ’ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা।
জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার দাবিতে ১৮ ডিসেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের হরতালের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এই ব্যবসায়ী নেতা বলেন, “আমরা কোনো হরতালই চাই না।”
কাজী আকরাম বলেন, রাজনৈতিক সহিংসতা এড়িয়ে ‘সমঝোতার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে’ ব্যবসায়ীদের পক্ষ থেকে তারা সরকার ও বিরোধী দলের প্রতি একটি প্রস্তাব দিতে আগ্রহী। ১৭ ডিসেম্বর এফবিসিসিআই পর্যদের বৈঠকে এই প্রস্তাবের বিস্তারিত আলোচনা করা হবে। অন্যান্য ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারাও ওই বৈঠকে অংশ নেবেন।
অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক ও আসলাম হোসেন, বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আল আমীন, বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহিম এবং এফবিসিসিআই পর্ষদ সদস্যরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সহিংসতার মামলায় গ্রপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সারা দেশে আধাবেলা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। এর আগে মঙ্গলবার সকাল সন্ধ্যা একই কর্মসূচি পালন করে তারা।
ওই হরতালের আগের দিন সোমবারও রাজনৈতিক সংঘাতে উদ্বেগ প্রকাশ করে দেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানায় ব্যবসায়ীদের ছয়টি সংগঠন।
