২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা বন্দরে ব্রিটিশ কোম্পানিকে কাজ দিতে ক্যামেরনের চিঠি

মংলা সমুদ্র বন্দর আধুনিকায়নের কাজের জন্য শেখ হাসিনাকে সুপারিশ জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শেখ শাহরিয়ার জামান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 07:50 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

মংলা সমুদ্র বন্দর আধুনিকায়নের কাজ নিজের দেশের একটি কোম্পানিকে দেয়ার সুপারিশ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

বৃহস্পতিবার ঢাকায় ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো এক সংবাদ সম্মেলন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর বারিধারায় হাইকমিশনারের বাসভবনে সংবাদ সম্মেলনটি হয়, যেখানে যুক্তরাজ্যের নতুন ভিসা পদ্ধতি নিয়ে কথা বলেন নিক লো।

এই কূটনীতিক বলেন, “পোর্ট ইভো (ব্রিটিশ কোম্পানি) মংলা বন্দরের অধুনিকায়নে ৮৫ কোটি ইউরো ব্যয় করার ইচ্ছা রাখে। আমরা আশা করছি ওই কাজটি আমরা পাব।”

এজন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন, যোগ করেন তিনি।

ভারপ্রাপ্ত হাইকমিশনার জানান, শুধু ইউরোপে নয়, বিশ্বের বিভিন্ন দেশে ‘পোর্ট ইভো’ কাজ করছে।

মংলা দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। ২০১০-১১ অর্থবছরে এই বন্দর দিয়ে ২৭ কোটি টন কার্গো উঠানামা করেছে।

ইতোপূর্বে সংযুক্ত আরব আমিরাতও মংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে।

সংবাদ সম্মেলনে নিক লো বলেন, যুক্তরাজ্যে নতুন করে চালু হওয়া ভিসা পদ্ধতি শুধু বাংলাদেশের জন্য নয়, তা একটি বিশ্বব্যাপী উদ্যোগ।

ইউকে বর্ডার এজেন্সি সম্প্রতি ঘোষণা করে, ভিসার আবেদনের ক্ষেত্রে বাংলাদেশে কার্যরত কেবল ১৪টি ব্যাংকের বিবৃতি গ্রহণ করবে ব্রিটিশ সরকার।

এর পাশাপাশি রাষ্ট্রায়াত্ত প্রায় সবসহ অধিকাংশ ব্যাংকের বিবৃতি গ্রহণ করবে না বলে জানানো হয়।

এর মাধ্যমে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার ওপর অনাস্থা প্রকাশ পেয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা নাকচ করে ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, এটি সম্পূর্ণ অজ্ঞতাপ্রসূত।

তিনি বলেন, যে সব ব্যাংকের বিবৃতি গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে, বর্তমান অবস্থা থেকে তাদের উত্তরণ ঘটাতে হাইকমিশনও কাজ করছে।