২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতারবাড়িতে সম্ভাব্য দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্পে থাকছে না সুমিতোমো

মহেশখালীর মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি আরেকটি তাপ বিদ্যুৎকেন্দ্র করার যে আলোচনা রয়েছে, তাতে থাকবে না প্রথম প্রকল্পের অন্যতম ঠিকাদার সুমিতোমো করপোরেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 06:05 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

জাপানের অন্যতম বৃহৎ এই কোম্পানি ২০৫০ সালের মধ্যে ‘কার্বন নিউট্রালিটি’ অর্জনে ধাপে ধাপে কয়লানির্ভর প্রকল্প থেকে সরে আসার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবেই মাতারবাড়ির সম্ভাব্য দ্বিতীয় প্রকল্পে তারা না থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে ইন্সটিটিউট অব এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ) জানিয়েছে।  

মাতারবাড়ি প্রকল্প সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, দ্বিতীয় প্রকল্পের কাজের কিছুই এখনও চূড়ান্ত হয়নি। সে কারণে ঠিকাদার নিয়োগের বিষয়ও আসেনি। ফলে সুমিতোমোর বিষয়টি এখনও এখানে আসছে না।

এ বিষয়ে সুমিতোমো করপোরেশনের বক্তব্য জানতে তাদের ইমেইল করা হলেও সাড়া মেলেনি।

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে ৫১ হাজার ৮৫৫ কোটি টাকা ব্যয়ে ৬০০ মেগাওয়াটের দুটি ইউনিট নিয়ে এক হাজার ২০০ মেগাওয়াটের একটি কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র নির্মাণের কাজ চলছে। সঙ্গে কয়লা আমদানির জন্য একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজও চলছে সেখানে।এটিই হতে যাচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর।

পাশাপাশি মাতারবাড়িকে গড়ে তোলা হবে বিদ্যুৎ ও শিল্পোৎপাদন এবং জ্বালানি আমদানির একটি হাব হিসেবে। সরকারের কয়েকটি মন্ত্রণালয় মিলে ধাপে ধাপে সেখানে বাস্তবায়ন করবে ৬৮টি প্রকল্প।

Image
মহেশখালীর মাতারবাড়িতে হবে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। ছবি: বিদ্যুৎ বিভাগ

মহেশখালীর মাতারবাড়িতে হবে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। ছবি: বিদ্যুৎ বিভাগ

প্রকল্প ব্যয়ের দিক দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের পরই রয়েছে মাতারবাড়ির প্রকল্প। এই ব্যয়ের প্রায় ৮৩ শতাংশ বহন করছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা- জাইকা।

১২০০ মেগাওয়াটের বিদ্যুতকেন্দ্র এবং গভীর সমুদ্র বন্দর নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে জাপানি কনসোর্টিয়াম সুমিতোমো করপোরেশন, তোশিবা করপোরেশন ও আইএইচআই করপোরেশন। ২০২৪ সালের জানুয়ারিতে ওই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট এবং জুলাই মাসে দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য রয়েছে প্রকল্প পরিকল্পনায়।

আইইইএফএ জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে ধীরে ধীরে ‘কার্বন নিরপেক্ষতা’ (কার্বন নিঃসরণ এবং কার্বন শোষণ যেখানে সমান থাকবে) অর্জনের লক্ষ্য ঠিক করেছে বিনিয়োগ ও প্রকৌশলখাতের কোম্পানি সুমিতোমো। গত বছর মে মাসে তারা ঘোষণা দিয়েছিল, মাতারবাড়ির সম্ভাব্য দ্বিতীয় প্রকল্পটি ছাড়া নতুন করে কোনো কয়লাভিত্তিক প্রকল্পে তারা বিনিয়োগ করবে না।

এখন মাতারবাড়ির সম্ভাব্য দ্বিতীয় প্রকল্পে সুমিতোমোর না থাকার সিদ্ধান্তকে নতুন কোনা কয়লাভিত্তিক প্রকল্পে তাদের যুক্ত না হওয়ার সূচনা হিসাবে দেখা হচ্ছে। 

বদলে গেছে মাতারবাড়ি; মাথা তুলছে বিদ্যুৎকেন্দ্র, প্রস্তুত হচ্ছে জেটি  

আইইইএফএ বলছে, ২০৩০ সালের মধ্যে সুমিতোমো তাদের কয়লাখনির ব্যবসাগুলো বন্ধ করে দেবে এবং চালমান সব কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে ২০৪০ সালের মধ্যে সরে যাওয়ার পরিকল্পনা করছে।

এ বিষয়ে প্রশ্ন করলে মাতারবাড়ি প্রকল্পের বাস্তবানকারী কোম্পানি কোল পাওয়ার জেনারেশন কোম্পানির নির্বাহী পরিচলক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমিতোমো এ বিষয়ে তাদের কিছু জানায়নি।

“এটা তাদের নিজস্ব ব্যাপার। আর দ্বিতীয় কেন্দ্র করার বিষয়ে সরকার যদি আমাদেরকে অনুমোদন দেয়, তখন আমরা উন্মুক্ত দরপত্র আহ্বান করব, যে আসার আসবে।”

আজাদ বলেন, সুমিতোমোসহ যে তিন ঠিকাদারি কোম্পানির কনসোর্টিয়াম এখন মাতারবাড়িতে কাজ করছে, তারা শুধু প্রথম কেন্দ্রের (১২০০ মেগাওয়াট) জন্য চুক্তিবদ্ধ।

Image
মহেশখালীর মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: বিদ্যুৎ বিভাগ

মহেশখালীর মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: বিদ্যুৎ বিভাগ

“আর দ্বিতীয় ধাপে যে কেন্দ্রের (আরেকটি ১২০০ মেগাওয়াট) পরিকল্পনা রয়েছে, সেটা আদৌ হবে কি হবে না, সে সিদ্ধান্ত এখনো হয়নি।”

মহেশখালীর মাতারবাড়ি ও ঢালঘাটা ইউনিয়নের ১ হাজার ৪১৪ একর জমিতে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রটির কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। ২০২১ সালের শেষে প্রকল্পের ভৌত অগ্রগতি হয়েছে ৫২ শতাংশ। বন্দর ও বিদ্যুতকেন্দ্রর কাজের ভৌত অগ্রগতি হয়েছে ৬৬ শতাংশ। আর প্রকল্পটির দ্বিতীয় ধাপের কাজ এখনও সম্ভ্যাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে।

প্রকল্পের অন্যতম ঠিকাদার জাপানের তোশিবা করপোরেশন জানিয়েছিল, মাতারবাড়ি বিদ্যুতকেন্দ্রের সঙ্গে যে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, সেটি হবে জাপানের কাশিমা বন্দরের মত।

সরকারের বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনায় ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে গ্যাস বা এলএনজি থেকে ৩৫ শতাংশ, কয়লা থেকে ৩৫ শতাংশ, আমদানি এবং নবায়নযোগ্য জ্বালানি থেকে ১৫ শতাংশ, পারমাণবিক শক্তি থেকে ১০ শতাংশ এবং তেল থেকে ৫ শতাংশ আসবে বলে ধরা হয়েছে।

তবে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিবেশগত প্রভাব বিবেচনায় নিয়ে গত বছরের জুনে ৭৪০০ মেগাওয়াট ক্ষমতার ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত জানানো হয় সরকারের তরফ থেকে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সে সময় বলেছিলেন, বাতিল হওয়া প্রকল্পগুলোর মধ্যে সিপিজিসিবিএল-সুমিতোমো ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও রয়েছে।

জাপানি কোম্পানি সুমিতোমো খনিজ সম্পদ উত্তোলন, অবকাঠামো নির্মাণ, আবাসন, পরিবহন, মিডিয়াসহ বিভিন্ন ব্যবসায় জড়িত। এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকার বিভিন্ন দেশে ১৩৪টি অফিস রয়েছে তাদের।