প্লাস্টিক দানায় তৈরি পণ্যে ভ্যাট প্রত্যাহার চায় বিপিজিএমইএ
‘পরিবেশবান্ধব’ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য রিসাইক্লিং দানা দিয়ে উৎপাদিত পণ্যের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে প্লাস্টিক পণ্য উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন- বিপিজিএমইএ।
এছাড়া দেশে খেলনা পণ্য তৈরির সরঞ্জামের (ব্যাটারি, কানেক্টর, স্টিকার পেপার, গিয়ারবক্স) ওপর থেকে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার এনবিআরের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরেন এ খাতের ব্যবসায়ীরা। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় রাজস্ব ভবন সম্মেলন কক্ষে এনবিআর সদস্য মো. মাসুদ সাদিকের সভাপতিত্বে এ আলোচনা হয়।
বিপিজিএমইএ প্রেসিডেন্ট শামীম আহমেদ বলেন, প্লাস্টিক বর্জ্য থেকে রিসাইক্লিং করে প্লাস্টিকের দানা তৈরি করা হয়। পরিবেশের স্বার্থে এই উৎপাদনের ওপর সরকার কোনো ধরনের আয়কর ও ভ্যাট আরোপ করে না।
“কিন্তু এই দানা থেকে উৎপাদিত প্লাস্টিক পণ্যের ওপর সরকার ১৫ শতাংশ ভ্যাট নিচ্ছে। এতে ওই কার্যক্রম সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে। তাই পরিবেশ রক্ষায় ওই ভ্যাট আগামী ১০ বছরের জন্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
পলিইথিলিনে নতুন করে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রসঙ্গে তিনি বলেন, “পলিইথিলিন দিয়ে হাজার রকমের পণ্য তৈরি হয়। শিশুখাদ্য, তরল পাউডার জাতীয় ও খাদ্য জাতীয় পণ্যের প্যাকেজিংয়ে ব্যবহৃত হয়, যা একটি পণ্যের মোড়কজাতে খুবই গুরুত্বপূর্ণ।
কিন্তু সরকার ‘এই গুরুত্বপূর্ণ পণ্যটির’ ওপর নতুন করে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করেছে জানিয়ে তা পুরোপুরি প্রত্যাহারের দাবি জানান তিনি।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. মোয়াজ্জেম হোসেন মতি বলেন, পোশাক খাতে উৎপাদন ও রপ্তানিতে করপোরেট কর নেওয়া হয় ১২ শতাংশ। আবার গ্রিন কারখানা হলে নেওয়া হচ্ছে মাত্র ১০ শতাংশ।
কিন্তু গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠানগুলো শতভাগ রপ্তানি করলেও এই খাতের করপোরেট কর এখনো ৩০ শতাংশ দিতে হয়।
আগামী বাজেটে এই খাতের কর ১২ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেন তিনি।
আলোচনায় বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আকতারুজ্জামান বাংলাদেশ থেকে আসবাব রপ্তানি বাড়াতে পোশাক খাতের মত বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা চান।
তিনি বলেন, “বর্তমানে মানসম্পন্ন ফার্নিচার শিল্পে বিনিয়োগ হচ্ছে। নতুন এসব কারখানায় উৎপাদিত পণ্য শতভাগ বিদেশে রপ্তানি সুযোগ থাকলেও বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা না থাকায় ব্যয় বেড়ে যাচ্ছে। যার ফলে রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে।
“এমন পরিস্থিতিতে এই খাতের রপ্তানি বৃদ্ধির জন্য বন্ডেড ওয়্যারহাউজ সুবিধার দাবি জানাচ্ছি।”
এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এনবিআরের সদস্য মো. মাসুদ সাদিক বলেন, “পোশাকখাত হচ্ছে শতভাগ রপ্তানি শিল্প। পোশাক শিল্পের উদ্যোক্তারা এনবিআরের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে।
“সুবিধা দিলে যদি রপ্তানি বাড়ানো সম্ভব হয়, তাহলে আমরা আপনাদের প্রস্তাব বিবেচনা করে দেখব।”
আলোচনায় বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান বলেন, “গত দুই বছরের বেশি সময় ধরে কোভিড-১৯ মহামারীর অভিঘাতে বিশ্বব্যাপী কাঁচামালের মুল্য এবং পরিবহর ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে। যার কারণে এই শিল্প চাপে পড়েছে। ”
এই চাপ থেকে বের হয়ে আসার জন্য কাচাঁমাল আমদানির ওপর থেকে সম্পূরক শুল্ক ও রেগুলেটরি ডিউটি প্রত্যাহারের প্রস্তাব করেন তিনি।
এ সময় তিনি অগ্রিম কর ৫ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনার প্রস্তাবও তুলে ধরেন রাজস্ব বোর্ডের কাছে।
আলোচনায় অংশ নিয়ে প্রতিবন্ধীদের সংগঠন বি-স্ক্যান সাধারণ সম্পাদক সালমা মাহবুব প্রতিবন্ধীদের জন্য সহায়ক উপকরণ আমদানির ওপর শুল্ক প্রত্যাহারের দাবি জানান।
এছাড়াও তিনি প্রতিবন্ধীদের চলাচল সহজ করতে প্রতিবন্ধী পরিবহন উপযোগি গাড়ি আমদানিতে শুল্ক প্রত্যাহার এবং অভিভাবকদের গাড়ির নিবন্ধন নবায়ন ফি মওকুফ করার প্রস্তাব করেন।
সভায় ব্যাবসায়ী প্রতিনিধি ছাড়াও এনবিআর সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানা ও সদস্য (আয়কর নীতি) সামসুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
