যথাযথ পরিকল্পনার জন্য চাই সঠিক তথ্য: মান্নান
দেশে সব বিষয়ে সঠিক তথ্যের যে ঘাটতি আছে, সে কথা স্বীকার করে নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশকে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার জন্য সঠিক তথ্য দরকার।
‘ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার (এনপিআর)’ শীর্ষক এক প্রকল্প নিয়ে বৃহস্পতিবার এক কর্মশালায় তার এ বক্তব্য আসে।
পরিকল্পনামন্ত্রী বলেন, এ প্রকল্পের মাধ্যমে সকল বাংলাদেশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল তথ্যই সন্নিবেশিত থাকবে। এছাড়া বাংলাদেশে ছয় মাস বা এর চেয়ে বেশি সময় যারা অবস্থান করবেন, সেসব ব্যক্তির সকল তথ্যও সন্নিবেশ করে এই তথ্যভাণ্ডার তৈরি করা হবে।
প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হলে ভবিষ্যতে অনেক জরিপের আর প্রয়োজন হবে না মন্তব্য করে মান্নান বলেন, “এই তথ্যভাণ্ডার তৈরি হলে জনশুমারি, কৃষিশুমারি কিম্বা শ্রম জরিপসহ অনেক ধরনের জরিপ আর দরকার হবে না। তাই এই তথ্যভাণ্ডার তৈরি হলে তথ্য সংক্রান্ত সকল সমস্যার সমাধান হবে।”
তথ্যভাণ্ডারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “দেশে কত শিশু আছে, কত শিশু স্কুলে যায়, দারিদ্র্য সীমার নিচে কত পরিবার রয়েছে, সেই পরিবারের শিশুরা স্কুলে যেতে পারছে কি না, কত লোক দরিদ্র এবং কারা ভাতা পাচ্ছে- সকল ক্ষেত্রে সকল মানুষের হালনাগাদ তথ্য একটা দেশের সঠিক পরিকল্পনার জন্য দরকার হয়। “
বংলাদেশের যে তথ্যের ঘাটতি রয়েছে, সে কথা স্বীকার করে মন্ত্রী বলেন, “আমাদের প্রতিবেশী ভারতসহ পৃথিবীর অনেক দেশেই সকল শ্রেণির মানুষের সকল ধরনের তথ্য থাকলেও আমরা এক্ষেত্রে পিছিয়ে আছি। তাই দেশকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে হলে সব সকল ধরনের তথ্যের প্রয়োজন।
“কারণ সঠিক তথ্য ছাড়া যথাযথ পরিকল্পনা সম্ভব নয়। দেশের সকল ক্ষেত্রে সমান্তরালভাবে সঠিক তথ্যের সন্নিবেশ করে তথ্যের অভাব পূরণ করতে পারে বিবিএস।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কর্মকর্তাদের উদ্দেশে পরিকল্পনা মন্ত্রী বলেন, “সরকার বিনিয়োগ করবে এবং আপনাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে। আমি ইতোমধ্যে এসব তথ্য সংগ্রহের জন্য সরকারপ্রধানের কাছে প্রস্তাব দিয়েছি। কিন্তু কাজটা সুচারুভাবে করতে হবে।”
প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতারণা বন্ধের পাশাপাশি অর্থপাচার রোধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
তিনি বলেন, “এই প্রকল্প করতে পারলে দেশে সকল ধরনের প্রতারণা বন্ধ হয়ে যাবে। বিশেষ করে সরকারি যেসব সুযোগ-সুবিধা দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়; এই প্রকল্পটি হয়ে গেলে সেসব সুযোগ-সুবিধা যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
“এখন যে হাজার হাজার কোটি টাকা বিদেশি পাচার হচ্ছে, সেটাও প্রতিরোধ করা সম্ভব হবে। এবং বিদেশে পাচারের আসল চিত্র বের হয়ে আসবে।”
তাছাড়া জনশুমারিসহ অনেক ধরনের জরিপের আর প্রয়োজন হবে না মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, “এনপিআর-এ সকল ধরনের তথ্য সন্নিবেশ হবে এবং প্রতিনিয়ত হালনাগাদ হবে, সুতরাং সকল খাতের সকল তথ্যই পাওয়া যাবে। তাই অন্য জরিপের প্রয়োজন হবে না।”
এই প্রকল্প কীভাবে বাস্তবায়ন হবে, কীভাবে তথ্য সংগ্রহ হবে, কত লোকবলের প্রয়োজন এবং কত ব্যয় হবে- এসব কিছু বের করার জন্য কাজ শুরু হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালায় সভাপতিত্ব করেন তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।
