২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের কাজ পেল চীনা কোম্পানি

মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজের পাশ থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটির পথে দ্বিতল সড়ক নির্মাণ এবং সড়ক প্রশস্ত করার কাজ পেয়েছে দুটি চীনা কোম্পানি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 06:03 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

শেনডং লুকিয়াও গ্রুপ এবং চায়না শেনডং ইন্টারন্যাশনাল ইকনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো অপারেশন গ্রুপ এক হাজার ২০৬ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৩৫৬ টাকায় এ প্রকল্পের পূর্ত কাজ করবে।

বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান।

সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এ প্রকল্পের আওতায় মুক্তারপুর থেকে পঞ্চবটির মধ্যে ১০ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক প্রশস্ত করার পাশাপাশি ৯ দশমিক ০৬ কিলোমিটার অংশে দোতলা সড়ক নির্মাণ করা হবে।

এছাড়া ৯ দশমিক ৩৫ কিলোমিটার অস্থায়ী সড়ক এবং ১৭ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে সেখানে। 

২০২০ সালের জুলাই মাসে ২ হাজার ২২৭ কোটি ৭৭ লাখ টাকার এ প্রকল্প একনেকের অনুমোদন পায়। তখন এর নাম ছিল ‘পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ’ প্রকল্প।

পরে সিদ্ধান্ত হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নয়, প্রয়োজন অনুযায়ী কিছু অংশে দ্বিতল সড়ক নির্মাণ করা হবে। ব্যায় বাড়িয়ে করা হয় ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা।

বৃহস্পতিবার ক্রয় কমিটির সভার পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, ব্যয়বহুল প্রক্রিয়ায় ভূমি অধিগ্রহণ না করে তার চেয়ে কম খরচে দোতলা সড়ক নির্মাণ করে সড়ক প্রশস্তকরণের পরিকল্পনাটি নেওয়া হয়েছে। মুন্সীগঞ্জের কিছু শিল্পঘন এলাকায় শিল্পের মালামাল পরিবহনসহ বিভিন্ন কারণে সড়কটি বেশ ব্যস্ত ও গুরুত্বপূর্ণ।

পঞ্চবটি থেকে মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে  

এক্সপ্রেসওয়ে নয়, পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক হবে  

“যেই রাস্তাটা আছে, এটা অত্যন্ত সংকীর্ণ। মুন্সিগঞ্জে অনেকগুলো শিল্পকারখানা রয়েছে। এই রাস্তা দিয়ে শিল্পের মালামাল পরিবহন অত্যন্ত জটিল। রাস্তা প্রশস্ত করতে গিয়ে জমি অধিগ্রহণ অত্যন্ত ব্যয়বহুল ছিল। তার চেয়ে দোতলা রাস্তা করলে খরচ কম হবে। এজন্যই দোতলা রাস্তা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”  

এদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংর জন্য তিন সেট এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া সাতটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক ইমেজিং সেন্টার নির্মাণের জন্য ৪০১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫৮ টাকার কাজ ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং ও চায়না জেঝুবা গ্রুপকে দেওয়া হয়েছে।

চারটি ২৪ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার কেনার জন্য আনন্দ শিপইয়ার্ড ও কর্ণফুলি শিপ বিল্ডার্সের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।

এর মধ্যে আনন্দ শিপইয়ার্ড থেকে ড্রেজার দুটি কেনা হবে ২১২ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ৪৮০ টাকায় আর কর্ণফুলি শিপ বিল্ডার্স থেকে বাকি দুটি কেনা হবে ২১৩ কোটি ৬১ লাখ ৫ হাজার ৫৯৫ টাকায়।