২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: ব্যাংকও ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অর্ধেক জনবলে

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার বিধিনিষেধের মেয়াদ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর পর ওই সময় পর্যন্ত ব্যাংকগুলোকেও অর্ধেক জনবল নিয়ে চালাতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 10:37 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

বৃহস্পতিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। 

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় গত ২১ জানুয়ারি দেশের সব স্কুল, কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার।

সেই সঙ্গে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় অনুষ্ঠানে একশ জনের বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা দিয়ে বলা হয়, যারা যোগ দেবেন, তাদের অবশ্যই টিকা সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে করা পিসিআরে কোভিড টেস্টের রিপোর্ট দেখাতে হবে।

এরপর ২৩ জানুয়ারি সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিসসমূহ স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। পরে বাংলাদেশ ব্যাংকও  এক সার্কুলারে  ২৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল দিয়ে ব্যাংকগুলো চালানোর নির্দেশনা দেয়।

সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় বৃহস্পতিবার এক আদেশে স্কুল-কলেজে শ্রেণিকক্ষে পাঠদান আর জনসমাগমে বিধিনিষেধের মেয়াদ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার।

সেই সিদ্ধান্তের সাথে মিল রেখে ব্যাংকগুলোকেও ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল নিয়ে চালাতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে।

এর আগের সার্কুলারে ব্যাংগুলোকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছিল, সেগুলোও অনুসরন করতে বলা হয়েছে বৃহস্পতিবারের সার্কুলারে।

কোভিড: ব্যাংকও চলবে অর্ধেক জনবলে  

শ্রেণিকক্ষে পাঠদান আর জনসমাগমে বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত  

সেখানে করোনাভাইরাস সংক্রমণ রোধে ব্যাংকে কর্মরতদের টিকা সনদ গ্রহণ এবং সেবাগ্রহীতাসহ সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে।

সেই সার্কুলারে বলা হয়, কাজে থাকাদের বাইরে বাকি কর্মকর্তা-কর্মচারীরা সবাই বাসায় অবস্থান করবেন এবং ভার্চুয়ালি দাপ্তরিক কাজ করবেন।

অপরদিকে ব্যাংকে আসা সেবাগ্রহীতাদের মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

করোনাভাইরাস মহামারী শুরুর পর ২০২০ সালের মার্চে অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশে।

দুই মাস পর অফিস খুললেও অর্ধেক জনবল নিয়ে চলেছিল বেশ কয়েক মাস। গত বছর করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে আবারও ফিরেছিল লকডাউন। তখনও অফিস অর্ধেক জনবলে চলেছিল কিছু দিন।

এরপর গত বছরের শেষ দিকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এলেও করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে এই বছরের শুরুতেই ফেরানো হয়েছে পুরনো বিধি-নিষেধগুলো।