‘বাংলাদেশে জাপানি বিনিয়োগের এখনই সঠিক সময়’
উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্কের বিষয়টি তুলে ধরে বর্তমান সময়কে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর সঠিক সময় বলে একটি ভার্চুয়াল আলোচনার অংশগ্রহণকারীদের বক্তব্যে উঠে এসেছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ উদ্যোগে সম্প্রতি ‘শোকেস বাংলাদেশ ২০২১: বাংলাদেশ-জাপান ইনভেস্টমেন্ট সামিট’ শীর্ষক এ ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে দুই দেশের ব্যবসার পরিসর বাড়ানোর সুযোগও তুলে ধরেন বক্তারা।
স্ট্যান্ডার্ড চ্যার্ডার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিশেষ সম্পর্ক ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন সরকারি ও বেসরকারি খাতের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, নীতিনির্ধারক, বিনিয়োগকারী, ব্যাংকার এবং দুই দেশের কূটনৈতিকরা।
ওয়েবিনারে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, “মহামারি পরবর্তী সময়ে সাপ্লাই চেইনের ওপর নির্ভরযোগ্যতা ও এর স্থায়িত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাপ্লাই চেইন ডাইভারসিফিকেশন ক্রমে বাড়ছে, যার সুবিধাগুলো আমাদের কাজে লাগাতে হবে।
“এ পরিবর্তন সহজ করে তুলতে টাকাকে রূপান্তরযোগ্য করে তুলতে হবে। অন্যথায় বৈদেশিক মুদ্রা নিয়ে জটিলতা চলতেই থাকবে। জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সংযোগ স্থাপন করতে পারে স্ট্যান্ডার্ড চার্টার্ড।“
পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন বলেন, দেশের উন্নয়নে জাপান সর্বদাই পাশে ছিল। বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় ১৬ বিলিয়নের তহবিল অনুমোদন দিয়েছে।
পাশে থাকার জন্য জাপানকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, আশা করছি দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “আমার মতে বাংলাদেশ ‘এশিয়ার বেস্ট কেপ্ট সিক্রেট’ এবং এখানে বিনিয়োগের এটাই সঠিক সময়। কারণ উন্নতি ও সমৃদ্ধির দিকে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে দেশ ও জাতি।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাপানের সিইও ইয়াসুনোরি তাকেউচি বলেন, “গত দুই দশকে বাংলাদেশের জিডিপি হার প্রায় গড়ে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকি মহামারি চলাকালেও ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৫.৫ শতাংশ। দেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি, যা ক্রমবর্ধমান ও গড় বয়স ২৪। তাই স্বাভাবিক ভাবেই জাপানের ব্যবসায়ীরা বাংলাদেশের দিকে ঝুঁকছে।
“সেই অর্থে, বাংলাদেশ-জাপানের পারস্পরিকতা উভয় দেশের জন্যই বয়ে আনবে বিকাশ ও সমৃদ্ধি।”
বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, আমাদের দেশে ৩০০টিরও বেশি জাপানি কোম্পানি আছে এবং আরও অনেকেই ব্যবসায় ইচ্ছুক।
জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া বলেন, “জ্বালানি দক্ষতায় আর্থিক সহায়তা প্রদানে জাইকা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে। ফলে আমরা আর্থিকভাবে বৃহত্তর বেসরকারি খাতগুলোকে একত্রিত করতে পারব।“
ওয়েবিনারে জাপান দূতাবাস এর এক্সট্রাঅর্ডিনারি ও প্লেনিপোটেনশিয়ারি অ্যাম্বাসেডর ইতো নাওকি, জাপানে বাংলাদেশ দূতাবাসের অ্যাম্বাসেডর শাহাবুদ্দিন আহমেদ, জাপান ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্ডো প্রমুখ অংশ নেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিডা গত জানুয়ারিতে একটি অংশীদারিত্ব গড়ে তোলে। সে অনুযায়ী বাংলাদেশকে বিনিয়োগের একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিশ্বে তুলে ধরতে এবং বৈদেশিক বিনিয়োগ আনতে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে কাজ করেছে।
ওয়েবিনারটি ছিল এ অংশীদারিত্বের দ্বিতীয় উদ্যোগ।
এর আগে প্রথম আয়োজনটি ছিল চীন-বাংলাদেশ ভার্চুয়াল ইনভেস্টমেন্ট সামিট, যেখানে প্রায় ৩ শতাধিক চীনা বিনিয়োগকারী এবং তাদের প্রতিনিধি অংশ নেন।
