অর্থবছর ২০১৯-২০: এডিপিতে বরাদ্দের ৮২% খরচ হয়েছে
মহামারীর মধ্যে গত ২০২০-২১ অর্থবছরের বার মাসে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) বরাদ্দ থেকে ১ লাখ ৭২ হাজার ৫০ কোটি টাকা ব্যয় করা সম্ভব হয়েছে, যা মোট বরাদ্দের ৮২ দশমিক ২১ শতাংশ।
গত অর্থবছরের এ বাস্তবায়ন তার আগের ২০১৯-২০ অর্থবছরের তুলনায় প্রায় ৪ হাজার কোটি টাকা বেশি। ওই অর্থবছরে মোট বরাদ্দের ৮০ শতাংশ খরচ করা সম্ভব হয়েছিল, যার পরিমাণ ১ লাখ ৬১ হাজার ৭৪১ কোটি টাকা।
গত অর্থবছর শেষ হওয়ার আগে মার্চ মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) মোট ২ লাখ ৯ হাজার ২৭২ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন পায়।
এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা, প্রকল্প সহায়তার খাত থেকে ৬৩ হাজার কোটি টাকা এবং সরকারের বিভিন্ন সংস্থা ও কর্পোরেশন থেকে ১১ হাজার ৬২৯ কোটি টাকা যোগান দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়।
সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত হিসাব অনুযায়ী, গত অর্থবছরে সরকারের নিজস্ব তহবিল থেকে খরচ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ১৯ কোটি টাকা, যা বরাদ্দের ৮২ শতাংশ।
প্রকল্প সহায়তা থেকে ব্যয় হয়েছে ৫২ হাজার ৪২১ কোটি টাকা বা বরাদ্দের ৮২ শতাংশ। আর সংস্থা ও কর্পোরেশন খাতে ব্যয় করা গেছে ৭ হাজার ৬১০ কোটি টাকা বা বরাদ্দের ৬৫ দশমিক ৪৪ শতাংশ।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহামারীর প্রভাবে অর্থবছরের শেষের দিকে, বিশেষ করে লকডাউনের কারণে প্রকল্পের বাস্তবায়ন কাজ ব্যাহত হয়েছে। তাই বাস্তবায়ন কিছুটা কম হয়েছে।”
তিনি বলেন, অর্থবছরের শেষ দিকে অর্থমন্ত্রণালয় থেকে সরকারি বরাদ্দের ১৫ শতাংশ অর্থ সংরক্ষণ করে বাকি অর্থ ব্যয়ের নির্দেশনা জারি করেছিল। ওই নির্দেশনায় বলা হয়, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং সামাজিক নিরাপত্তা- এই চার খাত ছাড়া অন্যান্য সকল খাত যেন ৮৫ শতাংশের বেশি অর্থ দাবি না করে।
“এই কারণে অনেক মন্ত্রণালয় বা বিভাগ অর্থবছরের শেষের দিকে কিছুটা অর্থ সংকটে পড়েছিল। না হলে আরও কিছুটা বেশি হতে পারব বাস্তবায়ন।”
তবে এর মধ্যেও অনেক মন্ত্রণালয় খুব প্রয়োজন হওয়ায় অর্থমন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ৯০ শতাংশের বেশিও ব্যয় করেছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে অর্থ বিভাগের যুগ্ম সচিব সিরাজুন নুর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হ্যাঁ, অর্থবছরের শেষ দিকে দেশে যখন কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হয়, তখন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এডিপি বরাদ্দের কিছু টাকা সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কারণ তখন ভ্যাকসিন কেনা, নগদ সহায়তা এবং স্বাস্থ্য সেবার অনেক কাজের সম্প্রসারণ করতে হয়েছে। এই পরিস্থিতিতে আমরা ওই প্রজ্ঞাপন দিয়েছি।”
তবে আইএমইডির প্রতিবেদনে দেখা যায়, সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৫ মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগই সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন করেছে। অথচ এ খাতে অর্থ যোগান দেওয়ার জন্যই অন্যান্য খাতের অর্থ ব্যয়ে শেষ মুহূর্তে সীমা বেঁধে দেওয়ার কথা বলা হচ্ছে।
শেষ পর্যন্ত স্বাস্থ্যসেবা খাত ১১ হাজার ৯৮৮ কোটি টাকা বা মাত্র ৫৭ দশমিক ৯১ শতাংশ অর্থ ব্যয় করতে পেরেছে, যা সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া ১৫ মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সবচেয়ে কম।
সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৫ মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০১ শতাংশ বা ১১ হাজার ৪৪ কোটি টাকা বাস্তবায়ন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বিদ্যুৎ বিভাগ বাস্তবায়ন করেছে ২৩ হাজার ৭৯ কোটি টাকা বা বরাদ্দের প্রায় ৯০ শতাংশ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ২২ হাজার ৭৪২ কোটি টাকা বা ৮৮ শতাংশ বাস্তবায়ন করেছে।
স্থানীয় সরবার বিভাগ ২৭ হাজার ৮২৭ কোটি টাকা বা বরাদ্দের ৮১ শতাংশ; রেলপথ মন্ত্রণালয় প্রায় ১১ হাজার ৯৮৮ কোটি টাকা বা বরাদ্দের ৮৫ শতাংশ। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ৩ হাজার ৪২১ কোটি টাকা বা বরাদ্দের প্রায় ৮৫ শতাংশ খরচ করতে পেরেছে।
সেতু বিভাগ ব্যয় করেছে ৪ হাজার ৬৯৪ কোটি টাকা, যা বরাদ্দের ৮৩ দশমিক ৭৬ শতাংশ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৯ হাজার ৬৮৫ কোটি টাকা বা বরাদ্দের ৮৩ দশমিক ৬৮ শতাংশ ব্যয় করেছে। প্রাথমিক গণ শিক্ষা মন্ত্রণালয় ব্যয় করেছে প্রায় ১০ হাজার ৬৮৬ কোটি টাকা, যা বরাদ্দের প্রায় ৮২ শতাংশ।
স্থানীয় সরকার বিভাগ ৩৪ হাজার ১৭০ কোটি টাকা বা বরাদ্দের ৮১ দশমিক ৪৪ শতাংশ ব্যয় করতে পেরেছে। পানি সম্পদ মন্ত্রণালয় খরচ করেছে প্রায় ৭ হাজার ৩৮৫ কোটি টাকা, যা বরাদ্দের প্রায় ৮১ শতাংশ। নৌ পরিবহন মন্ত্রণালয় বাস্তবায়ন করেছে ৪ হাজার ৮৫১ কোটি টাকা বা ৭৯ শতাংশ। শিল্প মন্ত্রণালয় ৩ হাজার ৮৪২ কোটি টাকা বা বরাদ্দের ৭৮ দশমিক ৫৭ শতাংশ খরচ করেছে।
এছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বরাদ্দের ৭২ শতাংশ, প্রধানমন্ত্রীর কার্যালয় (থোক বরাদ্দসহ) ৭১ দশমিক ৭৩ শতাংশ খরচ করতে পেরেছে।
