২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চ-এপ্রিলে সাব-রেজিস্ট্রি অফিসে ১৩৫৪ কোটি টাকা রাজস্ব আদায়

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও সাব-রেজিস্ট্রি অফিসগুলো গত মার্চ ও এপ্রিল মাসে ১ হাজার ৩৫৪ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৯৭১ টাকা রাজস্ব আদায় করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2021, 09:06 PM

Updated : 02 Aug 2022, 05:53 PM

এর মধ্যে কেবল মার্চ মাসে রাজস্ব আদায় করেছে ৯৫০ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ২৭৫ টাকা। এপ্রিল মাসে রাজস্ব আদায় হয়েছে ৪০৩ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৬৯৬ টাকা।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১ জুন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে পাঠানো এক চিঠিতে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক এসব তথ্য জানান।

মহাপরিদর্শক জানান, মার্চ ও এপ্রিল মাসে রাজস্ব আদায়ে দলিল সম্পাদন হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৩৪০টি। এর মধ্যে মার্চ মাসে ৩ লাখ ৫১ হাজার ৩১৫টি এবং এপ্রিল মাসে ১ লাখ ২৮ হাজার ২৫টি দলিল সম্পাদন হয়েছে।

মার্চ মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলাগুলো হচ্ছে ঢাকা জেলা ২১৯ কোটি ৬৮ লাখ ২৬ হাজার ৬৭১ টাকা, চট্টগ্রাম জেলা ৬৯ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১৮৮ টাকা, গাজীপুর জেলা ৬৪ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ৫১৭ টাকা, নারায়ণগঞ্জ জেলা ৫৭ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৯০১ টাকা।

এপ্রিল মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলাগুলো হচ্ছে ঢাকা জেলা ৯৯ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৪৪৬ টাকা, চট্টগ্রাম জেলা  ৪৩ কোটি ২৩ লাখ ৪ হাজার ৬১৭ টাকা, গাজীপুর জেলা ২৭ কোটি ৯১ লাখ ২ হাজার ৭৫১ টাকা টাকা, নারায়ণগঞ্জ জেলা ২৫ কোটি ১০ লাখ ৮৭৩ টাকা।