বৈষম্য লাঘবের বিকল্প বাজেট দিল অর্থনীতি সমিতি
সরকারি বাজেটের তিনগুণ আকার বাড়িয়ে ২০২১-২০২২ অর্থবছরের জন্য একটি পরামর্শমূলক বিকল্প বাজেট পরিকল্পনা উত্থাপন করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত।
মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ১৭ লাখ ৩৮ হাজার ৭১৬ কোটি টাকার ‘বিকল্প বাজেট’ প্রস্তাব করেন বারকাত, যেখানে এক লাখ ৩৫ হাজার কোটি টাকা ঘাটতি দেখানো হয়েছে।
আগামী অর্থবছরে ছয় লাখ কোটি টাকার বাজেট পরিকল্পনা করছে সরকার। আগামী ৩ জুন জাতীয় সংসদে এটি উপস্থাপন করার কথা রয়েছে।
সেই বাজেটের বিকল্পে দেওয়া এই বাজেটকে দীর্ঘমেয়াদে বৈষম্য কমানো, কর্মসংস্থান সৃষ্টি ও শোভন জীবনাচরণের উপায় হিসেবে অভিহিত করেন আবুল বারকাত। কেবল এক বছরের জন্য নয় বরং দীর্ঘ মেয়াদে এই বাজেটের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা উচিত বলেও মন্তব্য করেন বারকাত।
বিকল্প এই বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৬ লাখ ৩ হাজার ৭১৬ কোটি টাকা। এর অর্থ হচ্ছে বাজেটের ৯২ দশমিক ২০ শতাংশ যোগান দেবে রাজস্ব খাত। এর মধ্যে ৭৯ শতাংশ হবে প্রত্যক্ষ কর। বাকি ২১ শতাংশ হবে পরোক্ষ কর। ঘাটতির ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা পূরণ করা হবে অভ্যন্তরীণ বাজার থেকে। সেই ক্ষেত্রে ব্যাংক ঋণের চেয়ে বন্ড বাজার, সঞ্চয়পত্রসহ বিকল্প মাধ্যম থেকে এটা পূরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আর বিদেশি ঋণ একেবারেই শূন্যের কোটায় নিয়ে আসার পরামর্শ দেন আবুল বারকাত।
দেশের আয় বৈষম্য ও সম্পদের বৈষম্য দিন দিন বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, “এক শতাংশ মানুষ অতিধনীর তালিকায় রয়েছে। বর্তমান মহামারীর কারণে বাকি মানুষদের অধিকাংশই বিভিন্ন স্তরের দারিদ্র্যের কবলে পড়েছে। আগে যত দরিদ্র মানুষ ছিল এই হার এখন তিনগুণ বেড়েছে। আরেকটা শ্রেণির সৃষ্টি হয়েছে যারা হচ্ছে নবদরিদ্র।”
মোট শ্রমজীবী মানুষের সংখ্যা ছয় কোটি ৮০ লাখ, যাদের ৮৫ শতাংশ বা ৫ কোটি মানুষ অনানুষ্ঠানিক খাতে যুক্ত। এসব মানুষের অধিকাংশই হয় কর্মহীন অথবা অল্পমূল্যের কাজে যুক্ত হতে বাধ্য হয়েছে।
বাজেটে সামাজিক সুরক্ষা খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সামাজিক সুরক্ষার আওতায় আসার যোগ্য পরিবার ছিল দুই কোটি। এই সংখ্যা এখন বেড়ে সাড়ে ৩ কোটিতে দাঁড়িয়েছে, যা পরিস্থিতির উত্তরণ না ঘটলে আরও বাড়বে। সেই সাথে যোগ হয়েছে ৬/৭ কেটি বেকার। তাই আমরা এই খাতে বর্তমান বাজেটের তুলনায় ৭ গুণ বরাদ্দ বাড়াতে বলেছি।”
কৃষি-ভূমি-জলাশয় সংস্কারে বাজেটে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছেন এই অর্থনীতিবিদ।
“পারিবারিক কৃষি বা ক্ষুদ্র কৃষি পরিবারের অন্তর্ভুক্ত রয়েছে দুই কোটি পরিবারের ছয় কোটি মানুষ। এদেরকে স্বীকৃতি দিতে হবে এবং বাজেটে এদের উন্নয়নের জন্য এক লাখ ৭৬ হাজার ৮৮২ কোটি টাকা বরাদ্দ দিতে হবে। পাশাপাশি আদিবাসী মানুষের গোত্রভিত্তিক স্বীকৃতি দিয়ে খনা জরিপ করতে হবে।”
বাজেটে কালোটাকা বাজেয়াপ্ত করার পরামর্শ দিয়ে আবুল বারকাত বলেন, ১৯৭২-৭৩ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত মোট পুঞ্জিভূত কালো টাকার পরিমাণ ৮৮ লাখ ৬১ হাজার ৪৩৭ কোটি। একই সময়ে পাচার করা টাকার পরিমাণ হবে ৭ লাখ ৯৮ হাজার ৩২৭ কোটি । এখান থেকে ৫০ লাখ কোটি টাকা সম্পদ করসহ কমপক্ষে এক লাখ কোটি টাকা আহরণ সম্ভব।
আবুল বারকাত তার বিকল্প বাজেটে ধনীদের ওপর অধিক কর আরোপের প্রস্তাব করেন।
এর মধ্যে রয়েছে ধনী-বিত্তশালীদের ওপর সম্পদ কর আরোপ, সুপার-ডুপার ধনীদের ক্ষেত্রে কর হার বাড়ানো, শেয়ারবাজার ও বন্ডবাজারে বড় বিনিয়োগের ওপর সম্পদ কর আরোপ করা, অতিরিক্ত মুনাফার ওপর করের কথা উল্লেখ করেছেন।
আয়
বাজেটে আয়ের জন্য বাংলাদেশ অর্থনীতি সমিতি ২৮টি নতুন উৎসের কথা বলেছে।
চলমান ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেটে মোট রাজস্ব ধরা হয়েছিল ৩ লাখ ৮২ হাজার ১৩ কোটি টাকা। আর অর্থনীতি সমিতি থেকে আসন্ন ২০২১-২২ অর্থবছরে এই আয় ৩ দশমিক ৩ গুণ বেশি বৃদ্ধি করে ১৭ লাখ ৩৮ হাজার ৭১৬ কোটি টাকা প্রস্তাব করেছে।
সুযোগ থাকার পরও সরকার নজর না দেওয়া তিনটি খাত- অতিরিক্ত মুনাফা, কালো টাকা ও অর্থ পাচার থেকে সমিতি সবচেয়ে বেশি আয় (৪ লাখ ৪৩ হাজার ৮৬৪ কোটি টাকা) দেখিয়েছে।
ব্যয়
শিক্ষা ও প্রযুক্তি খাতে ২ লাখ ২ হাজার ১২৪ কোটি টাকা, স্বাস্থ্য খাতে ১ লাখ ৩৭ হাজার ১২৪ কোটি টাকা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৩ লাখ ৩০ হাজার ৯০০ কোটি টাকা, ৫ হাজার ৫০০ কোটি টাকা পরিচালন বরাদ্দ দিয়ে ‘গণপরিবহণ ও গবেষণা ও বিচ্ছুরণ’ নামে দুটি মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২ লাখ ২৬ হাজার ১১৪ কোটি টাকা, পরিবহন ও যোগাযোগ খাতে ১ লাখ ৫০ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অধ্যাপক বারকাত বলেন, “আমাদের প্রস্তাবনায় বাজেটের ব্যয় বরাদ্দ কাঠামোতে গুণগত রূপান্তর ঘটবে। উন্নয়ন বাজেট হবে পরিচালন বাজেটের চেয়ে অনেক বেশি, যা এখন ঠিক উল্টো। এখন উন্নয়ন-পরিচালন বাজেট বরাদ্দের অনুপাত ৩৮:৬২, যা আমাদের প্রস্তাবিত বাজেটে হবে ৬৯:৩১।”
চলতি অর্থবছরেও সরকারের মোট আয় (প্রাপ্তি) ছিল ৩ লাখ ৮২ হাজার ১৩ কোটি টাকা। পক্ষান্তরে বিকল্প বাজেটে এই প্রাপ্তি প্রস্তাব করা হয়েছে ১৬ লাখ ৩ হাজার ৭১৬ কোটি টাকা। রাজস্ব আয়ে প্রত্যক্ষ কর অনুপাত ৪৮:৫২ শতাংশের বিপরীতে সমিতির বাজেটে তা ৮৪:১৬ শতাংশ।
অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ বলেন, “আমরা ২০১৫ সাল থেকে এই বিকল্প বাজেট দিয়ে আসছি, এটা আমাদের সপ্তম বাজেট। আশা করি সরকার আমাদের এই বাজেট প্রস্তাব বিবেচনা করে দেখবে।”
