২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি আসেম অর্থমন্ত্রীদের সভায়

কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বহুপাক্ষিক উদ্যোগ গ্রহণ এবং অর্থনৈতিক পুনর্গঠন নিশ্চিতকরণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার এসেছে এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনের (আসেম) অর্থমন্ত্রী পর্যায়ের সভায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2020, 09:50 PM

Updated : 10 Oct 2022, 07:32 PM

পুরনো খবর:

আসেম অর্থমন্ত্রী পর্যায়ের সভা এবার ভার্চুয়ালি

শুক্রবার আসেম অর্থমন্ত্রী পর্যায়ের চতুর্দশ সভা শেষে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। 

মহামারী করোনাভাইরাসের কারণে এবারের সভাটি ভার্চূয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এই সভার আয়োজক দেশ। অর্থমন্ত্রী মুস্তফা কামাল এ সভার সভাপতিত্ব করেন।

এবারের সভার মূল প্রতিপাদ্য ছিল, ‘কোভিড-১৯ মোকাবেলা: একটি শক্তিশালী, টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিতকরণ’।

অভিন্ন স্বার্থ রয়েছে এমন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা সংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে আলোচনার ক্ষেত্রে এশীয় ও ইউরোপীয় জাতিগুলোর জন্য আসেম একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

সভায় কোভিড-১৯ ঘিরে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “অর্থনৈতিক ও সামাজিক স্তরে যে ক্ষতবিক্ষত অবস্থা সৃষ্টি হয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে।

“সব দেশের অবস্থা ভালো নয়, কোনো কোনো দেশের অবস্থা খারাপ। আমরা এই মুহূর্তে ভালো আছি। অতি দ্রুত সময়ের সাথে এগুলো মোকাবেলা করতে হবে কারণ যত সময় বাড়বে সমস্যা তত বাড়বে। আমি মনে করি, আজকের সভায় সবাই চেষ্টা করবেন কত দ্রুত এ জাতীয় সমস্যা সমাধান করতে পারেন।”

অর্থমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “সবার অবজেকটিভ একটাই, নিজে বাঁচ অপরকে বাঁচাও। সবাই এখন মনে-প্রাণে বিশ্বাস করে, অন্যকে বাঁচাতে পারলে নিজে বাঁচতে পারবে। এখানে এ সকল বিষয় গুরুত্ব দিয়ে ‍উঠে এসেছে।”

ইউরোপের অর্থমন্ত্রীদের কাছ থেকে রপ্তানিসহ অন্যান্য বিষয়ে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমাদের মূল উদ্দেশ্য কোভিড-১৯ এর হাত থেকে নিজেদের রক্ষা করতে সবার একত্রিত হওয়া।”

কোভিড-১৯ থেকে রক্ষা পেতে কী ধরনের পদক্ষেপ নেবে সরকার জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “সামনে আমাদের পরিকল্পনা হচ্ছে, বাংলাদেশের জনসংখ্যার ভিত্তিতে টিকা আসবে।

“প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, পৃথিবীতে যদি কোনো ভ্যাকসিন আসে বাংলাদেশে আসতে হবে। এখানে অসাম্যতার ভিত্তিতে কিছু হতে পারবে না। তার দাবি হচ্ছে, সারা বিশ্বে যারা ধনী সম্প্রদায় তারা বেয়ার করবে এ ভ্যাকসিন কস্ট।”   

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় ভিডিও বক্তব্যে সবাইকে স্বাগত জানান বলে অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আসেমভুক্ত ৪৫টি দেশের অর্থমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং এশিয়া-ইউরোপ ফাউন্ডেশন (আসেফ) ও আশিয়ান+৩ ম্যাক্রোইকোনমিক রিসার্চ অফিসের প্রতিনিধিরা (আমরো) সভায় অংশগ্রহণ করেন।

সভার আলোচনার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসেম অর্থমন্ত্রী সভা উল্লেখ করে যে, কোভিড-১৯ বৈশ্বিক মহামারী বিশ্বব্যাপী অভূতপূর্ব চ্যালেঞ্জ ও অসহনীয় দুর্ভোগ নিয়ে এসেছে। ফলে দশ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতি, জনস্বাস্থ্য, পরিবেশ ও সমাজ বড় ক্ষতির সম্মুখীন হয়েছে এবং বিশ্ব অর্থনীতি এক অনিশ্চিত সময় অতিক্রম করছে।

“বর্তমান অবস্থা ও অভূতপূর্ব পরিস্থিতি থেকে উত্তরণে ও বৈশ্বিক এজেন্ডা বাস্তবায়নে শক্তিশালী বহুপাক্ষিক সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করা প্রয়োজন।”

বিশ্বের অন্যান্য এলাকার মতো এশিয়া ও ইউরোপ অঞ্চলের দেশগুলো এ মহামারীর ক্ষতিকর প্রভাব মোকাবেলা করছে, যা তাদের কর্মসংস্থান, আয়, ব্যবসা, বিনিয়োগ, বাণিজ্যসহ জীবনের অন্যান্য সব পর্যায়ে ব্যাপক প্রভাব ফেলছে। ফলশ্রুতিতে কোভিড-১৯ এর অপ্রতিরোধ্য বিস্তারের কারণে টেকসই উন্নয়ন অভীষ্টগুলোর বাস্তবায়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউ বর্তমানে অনেক আসেম অংশীদার দেশের উপর যেভাবে প্রভাব ফেলছে, তা নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় কোভিড-১৯ যে কঠিন চ্যালেঞ্জ নিয়ে এসেছে তা মোকাবেলা এবং একটি শক্তিশালী, টেকসই, অন্তর্ভূক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক পুনর্গঠন নিশ্চিতকরণে একত্রিত হয়ে কাজ করার অঙ্গীকার করা হয়।