২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার পয়ঃনিষ্কাশনে এডিবির সঙ্গে ১৬ কোটি ডলারের ঋণচুক্তি

খুলনায় আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা তৈরির প্রকল্পে অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ১৬ কোটি ডলারের ঋণচুক্তি করেছে বাংলাদেশ সরকার।

নিউজ ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 05:07 PM

Updated : 18 Aug 2022, 04:02 PM

বুধবার সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুক্তিতে সই করেন।

মনমোহন পারকাশ বলেন, কার্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে দ্রুত নগরায়নের মধ্যে মানুষের মৌলিক চাহিদা পূরণে প্রকল্পটি সহায়তা করবে। অধুনা প্রযুক্তিরর পাশাপাশি জ্বালানি সাশ্রয়ী পাম্প ও যন্ত্রপাতি এবং স্বল্প মাত্রার কার্বন ফুটপ্রিন্টসহ ক্ষয়রোধী পাইপ ব্যবহারের মাধ্যমে এটি যুগোপযোগী পয়ঃনিষ্কাশন ব্যবস্থা তৈরি করা হবে। 

কেন্দ্রীয় এই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা থেকে খুলনা মহানগরীর ৮ লাখ ৮০ হাজার বাসিন্দা উপকৃত হবে। এর মধ্যে ২৬৯ কিলোমিটার পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক, আটটি পাম্পিং স্টেশন, দুটি বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা এবং ২৭ হাজার পয়ঃনিষ্কাশন সংযোগ অন্তর্ভুক্ত থাকবে।

যে সব এলাকায় পয়ঃনিষ্কাশন সংযোগ স্থাপন সম্ভব না হবে, অন্তর্ভুক্তিমূলক পয়ঃনিষ্কাশন সেবা দিতে প্রকল্পের অংশ হিসেবে সেসব এলাকায় মলমূত্রসহ তরল মানববর্জ্য পরিশোধনের জন্য একটি প্লান্ট বসানো হবে। 

এর আগে এডিবির অর্থায়নে আরেক প্রকল্পের নেওয়া হয়েছিল, যাতে খুলনার ৮ লাখ ৭৫ হাজার মানুষের জন্য পানির উৎস ভূ-গর্ভস্থ থেকে সরিয়ে ভূ-উপরিভাগে নিয়ে সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করা হয়।

নতুন প্রকল্পের মাধ্যমে সম্পদ ব্যবস্থাপনা, প্রকল্প প্রস্তুতি ও ব্যবস্থাপনা এবং নর্দমা মাশুল নীতি প্রবর্তনসহ নর্দমা ব্যবস্থাপনা সেবায় খুলনা ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার হবে।