উপকূলের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ
উপকূলের জনপদকে ঘূর্ণিঝড় সৃষ্ট জলাবদ্ধতা এবং জোয়ারের পানি থেকে রক্ষা করতে বেড়িবাঁধগুলোকে নতুন করে নির্মাণ, নদী খননসহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার তাগিদ এসেছে এক ভার্চুয়াল কর্মশালায়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মঙ্গলবার ‘কোভিড-১৯ এবং ঘূণিঝড় আম্পান: উপকূলীয় এলাকার স্বল্প আয়ের জনসাধারণের উপর দ্বিগুণ আঘাত’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।
বক্তারা ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামো অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করার তাগিদ দেন। পাশাপাশি কোভিড-১৯ মহামারীর ক্ষতি পুষিয়ে নিতে নানা পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
খুলনা-৬ (কয়রা ও পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু বলেন, তার এলাকার ছয়টি ইউনিয়নের অবস্থা ‘খুবই খারাপ’। প্রায় ৫০ বছরের বেশি পুরোনো বেড়িবাঁধ জোয়ারের পানি ঠেকাতে পারছে না। তাছাড়া নদীর গভীরতা কমে যাওয়ায় আশপাশের এলাকায় পানি চলে যাচ্ছে।
“আমরা বাঁধ যতই উঁচু করি, পানি ঠেকানো যাচ্ছে না। নদীগুলো ড্রেজিং করতে হবে। আমাদের এলাকার মানুষের দাবি, টেকসই বেড়িবাঁধ হোক। যখনই ঝড় হয় তখনই এনজিওগুলো ত্রাণ নিয়ে আসেন। আমরা ত্রাণ চাই না, এটা না দিয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সহায়তা করেন। এতে এই এলাকার মানুষের উপকার হয়।”
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক বলেন, জোয়ারের পানিতে তার এলাকার মানুষ ভাসছে। তারা বাড়িতে ফিরতে পারছে না।
সমস্যার সমাধানে বাঁধ মেরামতের পরামর্শ দিয়ে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বেড়িবাঁধগুলো পুরোনা। তখন যে পরিকল্পনায় করা হয়েছিল, তা পরিবর্তন করে নতুন পরিকল্পনায় এসব বাঁধ করতে হবে। পুরো ব্যবস্থাকে নতুন করে না সাজালে সমস্যার সমাধান হবে না।”
তিনি বলেন, নদী খনন এমনভাবে করতে হবে যেন পানির প্রবাহ বাড়ে এবং তা নদীর মাঝখান দিয়ে প্রবাহিত হয়। এতে নদীর পাড় ভাঙার প্রবণতা কমবে। প্রয়োজনীয় পরীক্ষা করে পরে ড্রেজিং শুরু করতে হবে।
অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত কর্মশালায় বলেন, কোভিড-১৯ মহামারী অপ্রাতিষ্ঠানিক খাতকে খুবই ক্ষতিগ্রস্ত করেছে।
“এ বছরের মার্চের পর থেকে শ্রেণিবৈষম্য বেড়েছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশের পরিচিত শ্রেণি কাঠামো সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে এবং মানুষ অতিদরিদ্র থেকে আরো নিচে নেমে গেছে। এজন্য আমাদের পরবর্তী পরিকল্পনায় এসব বিষয় বিবেচনায় রাখতে হবে।”
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, উপকূলের এসব এলাকার সমস্যা সমাধানে সবার সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।
“বাঁধ মেরামত, সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবন-জীবিকা সচল করতে সবাইকে এগিয়ে আসতে হবে। উপকূলীয় এলাকার মানুষের উন্নয়নে গৃহীত প্রকল্পগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে তা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।”
ইউএসএআইডি বাংলাদেশ মিশনের পরিচালক ডেরিক এস ব্রাউন, নবযাত্রা প্রকল্পের চিফ অফ পার্টি রাকেশ কাটাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট ছাড়াও উপকূলীয় এলাকার জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন নবযাত্রা প্রকল্পের সিনিয়র নলেজ অ্যান্ড কমিউনিকেশন্স ম্যানেজার সায়কা কবির।
খুলনার কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সামাজিক সুরক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন বক্তারা।
ইউএসএআইডির খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হয় নবযাত্রা প্রকল্প। খুলনার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায় খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দুর্যোগ সহনশীলতার ওপর নানা কর্মসূচি চালানো হচ্ছে এ প্রকল্পের আওতায়।
