২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিপি বাস্তবায়ন ৪ বছরে সবচেয়ে কম

করোনাভাইরাস মহামারীর প্রভাব পড়ছে দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে।

জাফর আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2020, 09:15 PM

Updated : 08 Apr 2022, 12:43 AM

চলতি ২০১৯-২০ অর্থবছরের নয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) যতটুকু বাস্তবায়ন হয়েছে, তা গত ৪ বছরের মধ্যে সবচেয়ে কম।

গত মার্চ মাস পর্যন্ত নয় মাসে মোট বাস্তবায়িত হয়েছে সংশোধিত এডিপির ৪৫ শতাংশ।

এই হার গত অর্থবছরের একই সময়ে তুলনায় ২ শতাংশের বেশি কম। গত ২০১৮-১৯ অর্থবছরের প্রথম নয় মাসে বাস্তবায়ন হয়েছিল ৪৭ দশমিক ২২ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে বাস্তবায়িত হয়েছিল ৪৫ দশমিক ৬৫ শতাংশ এবং ২০১৬-১৭ অর্থবছরের প্রথম নয় মাসে বাস্তবায়িত হয়েছিল ৪৫ দশমিক ১৫ শতাংশ।

তবে আনুপাতিক হারে এবারের প্রথম নয় মাসে বাস্তবায়ন কম হলেও অর্থ ব্যয়ের দিকে দিয়ে গত অর্থবছরের তুলনায় প্রায় ৭ হাজার কোটি টাকা বেশি ব্যয় করা সম্ভব হয়েছে।

এডিপির আওতায় গত মার্চ মাস পর্যন্ত দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় হয়েছে মোট ৯০ হাজার ৭০৪ কোটি টাকা। গত অর্থবছরের প্রথম নয় মাসে ব্যয় হয়েছিল ৮৩ হাজার ৪০৭ কোটি টাকা।

এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার অন্যান্য অর্থবছরের তুলনায় কম বাস্তবায়ন হয়েছে। করোনাভাইরাসের ঠেকাতে দেশব্যাপী লকডাউন থাকায় এই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

এই লকডাউন আরও দীর্ঘ হলে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন আরও কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, “বিশেষ করে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ বড় প্রকল্পগুলোতে বিদেশি বিষেজ্ঞরা কাজ করেন। ছোট প্রকল্প বিশেষ করে এলজিইডি তাদের প্রকল্পগুলো চালিয়ে যেতে পারছে।”

চলতি অর্থবছরের জন্য সরকার ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকার এডিপি গ্রহণ করেছিল। গত মার্চ মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় তা সংশোধন করে ১ লাখ ৯২ হাজার ৫২১ কোটি টাকা নামিয়ে আনা হয়।

পুরনো খবর:

মহামারীতে স্থবির উন্নয়ন কর্মকাণ্ড
করোনাভাইরাসের ধাক্কা লাগছে আগামী বছরের উন্নয়ন কর্মকাণ্ডে