২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টে ৬ মাসের বেতন নিশ্চিতে সমন্বিত উদ্যোগ চায় সিপিডি

করোনাভাইরাসের মহামারির চলমান পরিস্থিতিতে আরও ছয় মাস তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের উপর জোর দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান-সিপিডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 06:19 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

রানা প্লাজা ধসের সপ্তম বার্ষিকীতে ‘কোভিড-১৯: সংকটের মুখে শ্রমিক ও মালিক - সরকারি উদ্যোগ ও করণীয়’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় এ পরামর্শ আসে।

মূল প্রবন্ধে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, মহামারির কারণে দেশে লকডাউন থাকায় পোশাক কারখানার শ্রমিকরা তাদের জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। এমন পরিস্থিতিতে তারা যেন আগামী মাসের বেতনগুলো ঠিকমতো পান তা নিশ্চিত কতে হবে।

“তাদের ভেতরে চাকরি এক ধরনের অনিশ্চয়তা ঢুকে গেছে। এই অনিশ্চয়তা দূর করতে ব্র্যান্ড বায়ার, উদ্যোক্তা এবং সরকারকে দেখা দরকার। .. ব্র্যান্ড ক্রেতা, উদ্যোক্তা ও সরকার যেন উদ্যোগ নেন যাতে আগামী ছয় মাস পর্যন্ত সময়ে শ্রমিকদের পর্যাপ্ত পরিমাণ আয় থাকে, যা নিয়ে তারা ন্যূনতম জীবন কাটাতে পারেন।”

শ্রমিক অধ্যুষিত এলাকায় সরকারের ১০ টাকা কেজি চালের রেশনিং ব্যবস্থায়ও শ্রমিকদের অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান এই গবেষক।

এ পর্যন্ত বাতিল হওয়া ৩৬০ কোটি ডলারের মতো ক্রয়াদেশের তুলে ধরে তিনি বলেন, এসব অর্ডারের বিপরীতে কাঁচামালের খরচ ও শ্রমিকদের মজুরিসহ বেশ কিছু জটিলতায় পড়েছেন উদ্যোক্তারা। আর যেন অর্ডার বাতিল না করা হয়।

তবে নতুন করে আরও ১০০ কোটি ডলারের নতুন ক্রয়াদেশ এসেছে বলে বিজিএমইএর হিসাব তুলে ধরেন মোয়াজ্জেম।

তিনি বলেন, সম্প্রতি ইউরোপের বেশ কয়েকটি ব্র্যান্ড বায়ার একটি যৌথ বিবৃতিতে বলেছেন, যে যেসব অর্ডার এখনো রয়েছে এবং আগামীতে যেসব ক্রয়াদেশ আসবে তা সরবরাহের ক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা এবং কীভাবে সংক্রমণ ঠেকিয়ে উৎপাদন করা যায় তার ব্যবস্থা করতে হবে।

এক্ষেত্রে তারা (বায়াররা) শ্রমিকদের স্বাস্থ্যসম্মত উপায়ে আনা-নেওয়ার ব্যবস্থা করা ও সংক্রমণমুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

মোয়াজ্জেম বলেন, “২০০৮-০৯ সালের মন্দার পরে আমরা পোশাক রপ্তানিতে বেশ ভাল প্রবৃদ্ধি করেছিলাম। কারণ যে কোনও মন্দার পরে মানুষ কম দামের পণ্য কিনে থাকে।

“আর বাংলাদেশ বিশেষ করে কম দামের পোশাকই যেহেতু তৈরি করে তাই এই মন্দা শেষ হলে আমরা আবারও বড় ধরণের প্রবৃদ্ধির আশা করছি আমরা।”

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, “এই শিল্প যদি আমাদের চালু রাখতে হয় তাহলে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুতে হবে। কারণ এই মহামারি কতদিন ধরে থাকবে তা আমরা জানি না।

“কীভাবে আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারি, সেজন্য আমাদের উদ্যোক্তা, ক্রেতা ও সরকার- সবাই মিলে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে আমরা যাদের বেতন ন্যূনতম আট হাজার টাকা, তাদের জন্য অন্তত ৪ হাজার টাকা সরকারের তহবিল থেকে দেওয়ার সুপারিশ করেছি, তখন শিল্প মালিকদেরও দায়ভার কিছুটা কমে।”

বিজিএমইএ সহ-সভাপতি আরশাদ জামাল দিপু বলেন, “আমরা সকল কারখানাকে শ্রমিকদের মার্চ মাসের বেতন দিয়ে দেওয়ার জন্য নির্দেশনা পাঠিয়েছি। কিন্তু ছোট কারখানাগুলো হয়তা বেতন দিতে পারছে না।”

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমির বলেন, “সরকারের সাধারণ ছুটি ঘোষণার পরেও এখনও কিছু কারখানা চালু রয়েছে। অথচ তারা মাস্ক নয়, নিজেদের অর্ডারের পণ্য উৎপাদন করছেন।”

এসব কারখানা সকারের নির্দেশ অনুযায়ী বন্ধ রাখার আহ্বান জানিয়ে দ্রুত সব শ্রমিকের মার্চ মাসের বেতন পরিশোধের দাবি জানান।