সাবেক দুই অর্থমন্ত্রীকে সংবর্ধনা
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও গবেষণায় অবদানের জন্য সাবেক দুই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও এম সাইদুজ্জামানকে সংবর্ধিত করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার সোনারগাঁও হোটেলে যৌথভাবে এই সংবর্ধনা দেয় দৈনিক বণিকবার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।
আওয়ামী লীগের বিগত দুই সরকারের পাশাপাশি আশির দশকের এরশাদ সরকারের অর্থমন্ত্রী ছিলেন মুহিত। মুহিতের পর এরশাদ সরকারে অর্থমন্ত্রীর দায়িত্বে এসেছিলেন সাইদুজ্জামান।
সংবর্ধনা অনুষ্ঠানে দুজনকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়; তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও পোট্রেট।
শিল্পী নাসির উদ্দীনের সারগিট যন্ত্রসঙ্গীতের মাধ্যমে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা হয়।
দুই সাবেক অর্থমন্ত্রীর সংবর্ধনা ঘিরে সরকারের কয়েকজন মন্ত্রী থেকে শুরু দেশের অর্থনৈতিকসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ”দেশের একজন কর্মী হিসাবে কাজ করেছেন তারা। সফলতা, পাণ্ডিত্য ও দেশপ্রেম সকলের কাছে ব্যাপকভাবে স্বীকৃতি পেয়েছে। আমরা ভবিষ্যতেও তাদের এই বর্ণিল কর্মকাণ্ডকে স্মরণে রাখব।”
আওয়ামী লীগের বর্তমানে সরকারে অর্থ মন্ত্রণালয়ে মুহিতের উত্তরসূরি আ হ ম মুস্তফা কামাল বলেন, “কর্মের মধ্য দিয়ে যাদের অবস্থান সবার উপরে আমাদের তাদের এখানে সংবর্ধনা দিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে জানি, তারা দুজনই সৎ এবং সব সময় সত্যের অনুসন্ধানী।”
মন্ত্রিসভায় সহকর্মী মুহিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “অনেক সময় মতান্তর হলেও কারও পেছনে লাগার অভ্যাস তার ছিল না। দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকা সত্ত্বেও তিনি মন দিয়ে কথা শুনতেন। কখনও বোঝাতে পারতাম, অনেক সময় হয়ত পারতাম না, কিন্তু কখনও আমাদের মাঝে তিক্ততা হত না।”
সাবেক অর্থমন্ত্রী সাইদুজ্জামান সম্পর্কে তিনি বলেন, ”একান্ত ব্যক্তিগত গুণে তিনি এখানে এসেছেন। আজীবন অধ্যবসায় দিয়ে তিনি সফলতার মুখ দেখেছেন।”
বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষণা ফেলো নাজনীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ, বণিকবার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বক্তব্য দেন।
সংবর্ধনার জবাবে আয়োজকদের ধন্যবাদ জানান সাবেক মন্ত্রী মুহিত ও সাইদুজ্জামান।
