বেজায় পবন চৌধুরী আরও দুই বছর
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।
তাতে বলা হয়, বেজার নির্বাহী চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা অবসরপ্রাপ্ত সচিব পবন চৌধুরীর চুক্তির মেয়াদ আগের চুক্তির ধারবাহিকতায় ৬ জুলাই ২০১৯ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর বাড়ানো হলো।
পবন চৌধুরী ২০১৪ সালের জুলাই মাসে প্রথম বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দেন।
এসময়ে তিনি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে অবদান রাখেন। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য তিনি বেজার আইনে প্রয়োজনীয় পরিবর্তনের পাশাপাশি চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ শিল্পনগর গড়ে তোলার পরিকল্পনা করেন।
পরবর্তীতে অবসরে যাওয়ার প্রাক্কালে তাঁর কাজে সন্তুষ্ট হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ২৮ জুন পবন চৌধুরী চুক্তিভিত্তিক নিয়োগ দুই বছরের জন্য বর্ধিত করেন।
বর্ধিত মেয়াদে জাপানীজ অর্থনৈতিক অঞ্চল, চায়নিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের কার্যাবলী সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের বিভিন্ন সংস্থার সাথে নানাবিধ কর্ম পরিকল্পনা গ্রহণ করেন। পবন চৌধুরীর দ্রুত সিদ্ধান্ত এবং বেজার কর্মকর্তাদের চেষ্টায় এ নগরের কাজ এখন এগিয়ে চলছে বলে বেজার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বেসরকারী বিনিয়োগ বৃদ্ধির জন্য তার নেতৃত্বে ইতোমধ্যে ১০টি বেসরকারী অঞ্চলকে চূড়ান্ত লাইসেন্স প্রদান করা হয়েছে। এসব অঞ্চলে দ্রুত শিল্প স্থাপনের কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিকল্পিত এবং সবুজ শিল্পায়নের জন্য তার নেতৃত্বে বেজা কাজ করছে। এসব শিল্পাঞ্চলের আশেপাশে এবং প্রত্যন্ত অঞ্চলসমূহকে অর্থনীতির মূল ধারায় আনতে উপযুক্ত এবং দক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেজা বিভিন্ন সংস্থার সাথে কাজ করছে।
তারই ধারাবাহিকতায় রোববার পুনরায় পবন চৌধুরীর চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বিজ্ঞপ্তিতে পবন চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “দেশ সেবার এ সুযোগ পেয়ে আমি গর্বিত ও আনন্দিত।”
দেশি-বিদেশি বিনিয়োগকারী, দাতা সংস্থা, বেজার কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত সব সরকারি সংস্থা এবং বেজার কর্মকর্তাদের পরিশ্রম, সমর্থন এবং অবদানের জন্য ধন্যবাদ জানান এবং আগামীতেও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
