মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে ১৩১ কোটি ডলার দিচ্ছে জাপান
কক্সবাজারের মহেশখালীতে চলমান মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ প্রকল্পের জন্য ১৩১ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে জাপান।
বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা। ১০ বছরের রেয়াতকালসহ সব মিলে মাত্র ১.১ শতাংশ সুদে ৩০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।
বাংলাদেশের সঙ্গে ৪০তম ওডিএ ঋণ প্যাকেজের আওতায় এই সহায়তা দিচ্ছে জাপান।
রোববার এ বিষয়ে বাংলাদেশ সরকার ও জাপানের আন্তর্জাতিক সহযোগী সংস্থা-জাইকার মধ্যে বিনিময় নোট ও ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং জাপান সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি ও জাইকার প্রধান প্রতিনিধি হিতোশি হিরাতা স্বাক্ষর করেন।
রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩৫ হাজার ৯৮৪ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে জাপান সরকারের এককভাবে পর্যায়ক্রমে ২৮ হাজার ৯৩৯ কোটি টাকা ঋণ হিসেবে সরবরাহ করার প্রতিশ্রুতি রয়েছে। তারই ধারাবাহিকতায় ৪০তম ঋণ প্যাকেজের আওতায় এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে।
২০১৪ সালে একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পাওয়া এ প্রকল্পের জন্য জাপান এটিসহ পাঁচটি ঋণ প্যাকেজের আওতায় মোট ২৩ হাজার ৫৫৪ কোটি টাকা দিচ্ছে।
এর মধ্যে ৩৫তম ঋণ প্যাকেজে ৩ হাজার ২৫২ কোটি টাকা, ৩৭তম প্যাকেজে ২ হাজার ৯৬৪ কোটি টাকা, ৩৮তম প্যাকেজে ৮৪২ কোটি টাকা, ৩৯তম প্যাকেজে ৫ হাজার ২৭৬ কোটি টাকা এবং সর্বশেষ ৪০তম প্যাকেজে ১১ হাজার কোটি টাকা দিচ্ছে জাপান।
অনুষ্ঠানে জানানো হয়, ৪০তম এই ঋণ প্যাকেজের আওতায় জাপান বাংলাদেশকে মোট ২৫০ কোটি ডলার বা ২১ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে জাপান। এরমধ্যে গত ২৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় ১১৯ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়। বাকি ঋণের অর্থের চুক্তি হল এদিন।
এই প্যাকেজের বাকি অর্থ অন্য চার প্রকল্পে ব্যয় করা হবে। সেগুলো হল- মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভলপমেন্ট প্রজেক্ট (মেট্রোরেল), ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রোমোশন প্রজেক্ট ও এনার্জি এফিশিয়েন্সি অ্যান্ড কনজারভেশন প্রোমোশন ফিন্যান্সিং প্রজেক্ট।
অনুষ্ঠানে ইআরডি সচিব মনোয়ার আহমেদ বলেন, “জাপান আমাদের পরীক্ষিত বন্ধু। আমাদের দুঃসময়েও তারা এগিয়ে এসেছে। আগামীতে জাপান বাংলাদেশের উন্নয়নে আরও বেশি সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস।”
এ সময় জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি বলেন, “বর্তমানে যে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে এসব প্রকল্প আধুনিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। এসব প্রকল্পে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত। এ সহযোগিতা আমরা অব্যাহত রাখতে চাই।”
অনুষ্ঠানে জাইকার প্রধান প্রতিনিধি হিতোশি হিরাতা বলেন, মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে মহেশখালী বিদ্যুৎ ও শিল্প হাব হিসেবে গড়ে উঠবে।
এই অনুষ্ঠানেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন জরিপ অধিদপ্তরের একটি উন্নয়ন প্রকল্পে প্রায় ৯৪ কোটি টাকা এবং মানবসম্পদ উন্নয়নের একটি প্রকল্পে ৩৩ কোটি টাকার অনুদান চুক্তি সই হয়।
