২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইর

আগামী অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2019, 01:16 AM

Updated : 08 Apr 2022, 04:08 PM

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪০তম বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উপস্থিতিতে আসন্ন বাজেটে ব্যবসায়ীদের প্রস্তাব তুলে ধরে এই আহ্বান জানান এফবিসিসিআইয়ের সদ্যবিদায়ী সভাপতি শাফিউল ইসলাম মহিউদ্দিন।

তিনি বলেন, “গত চার বছর ধরে করমুক্ত আয়ের সীমা একই অবস্থায় রয়েছে। মানুষের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় ব্যক্তি আয়করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।”

এছাড়া বাজেটে ব্যবসা পরিবেশ উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধিসহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও সুষম বণ্টনের উদ্দেশ্যে নিজেদের প্রস্তাব তুলে ধরেন শফিউল।

কর্পোরেট কর হার

কর্পোরেট কর হার ২ দশমিক ৫ শতাংশ হ্রাস করার প্রস্তাব করেন এফবিসিসিআই সভাপতি। এছাড়া মূসক নিবন্ধনকারী উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের কোম্পানির কর হার ট্রেডিং কোম্পানির চেয়ে ২ দশমিক ৫ শতাংশ কম রাখার প্রস্তাব করেন তিনি।

সারচার্জ

সঞ্চয়, মূলধন গঠন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যক্তি করদাতার প্রদর্শিত নিট পরিসম্পদের ভিত্তিতে সারচার্জের শুন্য শতাংশের সীমা বর্তমানে ২ কোটি ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করেছে এফবিসিসিআই।

অগ্রিম আয়কর প্রত্যাহার

আমদানি স্তরে শিল্পের মৌলিক কাঁচামালসহ অন্যান্য আমদানি পণ্যের উপর ৫ শতাংশ অগ্রীম আয়কর আদায় করা হয়।

এটা আয়কর আইনের মূলনীতির পরিপন্থি দাবি করে মহিউদ্দিন বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে টিকে থাকতে ব্যবসা খরচ কমানোর জন্য আমদানি স্তরে শিল্পের মৌলিক কাচাঁমাল আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়কর প্রথা প্রত্যাহার করা প্রয়োজন।

মাল্টিলেয়ার ট্যাক্সেশন

একই হোল্ডিং এবং সাব-সিডিয়ারি কোম্পানীর ক্ষেত্রে অর্জিত লভ্যাংশের উপরে দ্বৈত করের কারণে মূলধন গঠনের ক্ষেত্রে অন্তরায় হিসেবে কাজ করে দাবি করে ট্যাক্স লভ্যাংশের উপরে পুনঃট্যাক্স কাটার বিধান বিলোপ করার প্রস্তাব করছে এফবিসিসিআই।

বাজেটের আকারঃ

আগামী ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটের আকার ৫ লাখ ২৪ হাজার কোটি টাকা হবে বলে আভাস মিলেছে। চলতি অর্থ বছরের বাজেটের আকার ছিল ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

মহিউদ্দিন বলেন, “সবার সাথে আলোচনা করে গুণগতমান ও বাস্তবায়ন সক্ষমতার উপর ভিত্তি করে বাজেটের আকার নির্ধারণ করা প্রয়োজন। জনগণ যাতে বৃহৎ বাজেটের ভার সহ্য করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

ব্যক্তিখাত

বাজেটে ব্যক্তিখাতকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।

মহিইদ্দন বলেন, বাজেট অর্থায়নে অপেক্ষাকৃত সুলভ সুদে বৈদেশিক অর্থের উপর গুরুত্ব আরোপ করা যেতে পারে। এতে ব্যাংক ব্যবস্থার উপর সরকারের নির্ভরশীলতা কমবে, বিপুল সুদের দায়ভার অপেক্ষাকৃত কম হবে এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বাড়বে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি

এডিপির আকার, অর্থ সংস্থান, সময়োচিত পরিকল্পনা প্রণয়ন, যোগ্য ও দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগসহ সার্বিক প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করেন মহিউদ্দিন।

তিনি বলেন, আইএমইডি বিভাগকে শক্তিশালী করার মাধ্যমে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ ব্যয়ের ক্ষেত্রে অপচয় হ্রাস করা জাতীয় স্বার্থে প্রয়োজন হয়ে দেখা দিয়েছে।

রপ্তানি বহুমুখীকরণ ও প্রণোদনা

দেশের রপ্তানি উন্নয়ন, সম্প্রসারণ ও বহুমুখীকরণের লক্ষ্যে রপ্তানি পণ্য ও বাজার সম্প্রসারণ, লাগসই রপ্তানি প্রণোদনা নিশ্চিতের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।

যুক্তরাষ্ট্র, সিআইএসভূক্ত এবং ইইউভূক্ত দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে তারা।

ব্যাংক খাত ও সুদের হার

মহিউদ্দিন বলেন, “আমানত এবং ঋণ প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারি ও দক্ষতার মাধ্যমে ব্যাংকিং খাতের শৃংখলা নিশ্চিত করতে হবে।

“এছাড়াও খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়া বন্ধ করার বিষয়ে পদক্ষেপ নিতে হবে। বিদ্যমান উচ্চ সুদের হার (১৩-১৮ শতাংশ) সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে।”

ক্ষুদ্র ও কুটির শিল্প

কর্মসংস্থান ও বিনিয়োগের স্বার্থে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে এ খাতে সুলভ ও সহজ পদ্ধতিতে ঋণ সেবা নিশ্চিত ও শিল্প সহায়ক শুল্ক ও কর ব্যবস্থা জোরদারের সুপারিশ করেছে এফবিসিসিআই।

নারী উদ্যোক্তাদের জন্য আগামী বাজেটে বিশেষ বরাদ্দ রাখার অনুরোধও করেন মহিউদ্দিন।