২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চক্রাকার রেলের সম্ভাব্যতা যাচাইয়ে চীনের সঙ্গে চুক্তি

ঢাকায় চক্রাকার রেল চালুর সম্ভাব্যতা যাচাই করবে চায়না রেলওয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 07:42 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

যানজট কমাতে ঢাকার চারপাশে চক্রাকার রেলপথ চালু করতে চায় সরকার।

এর সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা চালাতে মঙ্গলবার রেলভবনে চায়না রেলওয়ের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।

সম্ভাব্যতা সমীক্ষায় যৌথভাবে কাজ করছে চায়না রেলওয়ে সিয়্যুয়ান সার্ভে অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেড, বাংলাদেশের বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড এবং ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এ্যাডভাইজারস লিমিটেড।

চুক্তিপত্রে সার্কুলার রেল নির্মাণ প্রকল্পের পরিচালক মো. মনিরুল ইসলাম ফিরোজী এবং যৌথ পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে চায়না রেলওয়ে সিয়্যুয়ান সার্ভে অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেডের ডেপুটি হেড অব মার্কেটিং চু জুকুয়ান সই করেন।

এক বছর মেয়াদি এই চুক্তি অনুযায়ী, ২০২০ সালের এপ্রিল মাসের মধ্যে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে সমীক্ষার কাজ শেষ করতে হবে।

এতে ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৫৬ লাখ ৬৩ লাখ টাকা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, রেলওয়ের গুরুত্ব অনুধাবন করে  একে আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়েছে। এতে রাষ্ট্রের উন্নয়ন হয়ে যাচ্ছে।

“এই স্টাডিটি আমরা করছি সম্পূর্ণ সরকারের টাকায়। আগামী এক বছরের মধ্যেই রিপোর্ট দিতে হবে। ঢাকার চারপাশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে কেন্দ্র করেই এই লাইন নির্ধারণ করা হয়েছে।”

রেলমন্ত্রী ঢাকার চারপাশে বৃত্তাকার রেলপথ দ্রুত নির্মাণে সরকারের তরফ থেকে তাড়া আছে।

“এজন্য নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে হবে। এই স্টাডি করার সময় অন্যান্য সেবার সঙ্গে যাতে কোনো সাংঘর্ষিক না হয় সে দিকে নজর রাখতে হবে।”

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন, রেলওয়ের মহাপরিচালক কাজী রফিকুল আলমসহ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।