২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রাক যোগ্যতা সনদ পেল স্ট্যান্ডার্ড গ্রুপ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১০৮ একর জমিতে শিল্পাঞ্চল তৈরির প্রাক যোগ্যতা সনদ পেয়েছে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 09:16 PM

Updated : 10 Oct 2022, 08:53 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বালুয়া নদীর তীরে ‘স্ট্যান্ডার্ড গ্লোবাল ইকোনমিক জোন’ গড়তে চায় কোম্পানিটি। এজন্য রোববার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাছ থেকে প্রাক যোগ্যতা সনদ নেয় তারা।

দুপুরে কারওয়ানবাজারে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর কাছ থেকে এই সনদ বুঝে নেন স্ট্যান্ডার্ড গ্লোবাল ইকোনমিক জোন লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান।

এ সময় কোম্পানির পক্ষ থেকে বলা হয়, চলতি বছরের মাঝামাঝি সময়ে জোনের উন্নয়ন কাজ শুরু করা হবে। উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং শিল্প স্থাপনে ৭৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এই অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

নতুন এই অর্থনৈতিক অঞ্চলে গার্মেন্ট নিট কম্পোজিট, ডেনিম, লৌহজাত ভারী শিল্প পাট শিল্প, খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত শিল্প, আইসিটি, জাহাজ নির্মাণ শিল্প, ওয়াশিং প্ল্যান্ট, টেক্সটাইল, প্যাকেজিং অ্যান্ড কার্টন, এলপিজি, সিরামিক, কৃষিভিত্তিক বহুমুখী শিল্প, অটোমোবাইল, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাণ কারখানা স্থাপনের সুযোগ থাকবে বলে জানান আতিকুর রহমান।

প্রাক-যোগ্যতা সনদ পাওয়ার পর সম্ভাব্যতা যাচাই ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হবে বলে বেজার পক্ষ থেকে জানানো হয়।

পবন চৌধুরী বলেন, “দেশি-বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বেজার আওতায় একটি ভূমি ব্যাংক স্থাপন করা হয়েছে, যেখান থেকে বিনিয়োগকারীরা সহজে তাদের পছন্দ অনুযায়ী ই-জেড স্থাপনের জন্য জমি নিতে পারছেন।”

সনদ প্রদান অনুষ্ঠানে বেজার নির্বাহী সদস্য হারুনুর রশিদ ও মো. আইয়ুবসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০৩০ সালের মধ্যে ৭৫ হাজার একর জমিতে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বেজা। এতে অন্তত এক কোটি মানুষের কর্মসংস্থান এবং অতিরিক্ত ৪০ বিলিয়ন ডলার মূল্যমানের রপ্তানি আয় সম্ভব বলে আশা করছে তারা।

ইতোমধ্যে বেজার কাছ থেকে ১৯টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রাক যোগ্যতা সনদ নিয়েছে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠান চূড়ান্ত সনদ পেয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে পৌঁছেছে।

বেজা জানায়, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোতে ইতোমধ্যেই দুই হাজার ৩২৬ মিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। এতে ২০ হাজার ২৭৬ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

২০ একর জমি পেল মডার্ন সিনিটেক্স

এর আগে গত সোমবার বিএসএম গ্রুপের নতুন সংযোজন মডার্ন সিনিটেক্স লিমিটেডকে শিল্পকারখানা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে ২০ একর জমি বরাদ্দ দিয়েছে বেজা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা জানায়, বিএসএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সুফিয়ান বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর কাছ থেকে জমির কাগজ বুঝে নেন।

মডার্ন সিনিটেক্সের কারখানায় দৈনিক ৫০০ টন পলিয়েস্টার ফিলামেন্ট ইয়ার্ন, স্ট্যাপল (পিএসেফ) ফাইবার ও পিইটি চিপস উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। সেজন্য কোম্পানিটি ১২৬০ কোটি টাকা বিনিয়োগ করবে বলেও জানায় বেজা।