২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থবছরের ৬ মাস: রাজস্ব আদায় বাড়লেও লক্ষ্য পূরণ হয়নি

চলতি অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব আদায় আগের বছরের চেয়ে বাড়লেও তা লক্ষ্যের তুলনায় বেশ খানিকটা কম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2019, 08:59 PM

Updated : 18 Aug 2022, 04:44 PM

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডকে মোট ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকার লক্ষ্য দিয়ে রেখেছে সরকার। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার কোটি টাকা ডিসেম্বরের মধ্যে আদায়ের পরিকল্পনা নেওয়া হয়েছিল।

কিন্তু এনবিআর ছয় মাসে সব মিলিয়ে ৯৮ হাজার ২৭ কোটি টাকার রাজস্ব আদায় করতে পেরেছে, যা নিয়ে সন্তুষ্ট নন চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ছয় মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৩৬ শতাংশ। অথচ গত অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৫ শতাংশের কাছাকাছি।

মূলত শুল্ক ও ভ্যাট আহরণে এনবিআর পিছিয়ে পড়েছে জানিয়ে আগামী মাসগুলোতে রাজস্ব আদায় বাড়াতে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, “এতদিন তেমন কোনো অভিযান ছিল না। এখন হবে। চলতি মাসেই আয়করের জরিপ শুরু হবে। এছাড়া টাস্কফোর্স গঠন করে বিভিন্ন জায়গায় পাঠানো হবে।”

এনবিআর চেয়ারম্যান জানান, জুলাই-ডিসেম্বর সময়ে আয়কর আদায়ের পরিমাণ যেখানে গতবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে, সেখানে শুল্ক আদায়ে ৩ দশমিক ৭২ শতাংশ এবং ভ্যাট আদায়ে ৫ দশমিক ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

শনিবার আন্তর্জাতিক কাস্টমস দিবস সামনে রেখে এনবিআরের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে জানানো হয়, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিওসিও) ১৮৩টি দেশের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশেও এবার কাস্টমস দিবস পালন করা হবে।

শুল্ক ও ভ্যাট বিষয়ে, বিশেষত দেশের নিরাপত্তা, জনকল্যাণমূলক কাজ, আন্তঃসীমান্ত বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ করার বিষয়ে মানুষকে সচেতন করা হবে এই দিবসে।  

দিনটি উপলক্ষে শনিবার সকালে রাজস্ব ভবন থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হবে। বিকালে হোটেল সোনারগাঁওয়ে হবে আলোচনা সভা।

এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।