২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদন পেল জঙ্গি দমনে কারিগরি সক্ষমতা উন্নয়ন প্রকল্প

জঙ্গি কার্যক্রম ও অপরাধীদের সনাক্ত করাসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এক হাজার ২৭২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2018, 11:33 PM

Updated : 08 Apr 2022, 07:14 PM

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান,  ‘ডিজিএফআইয়ের টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানব সম্পদ এবং কারিগরি সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্পটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) বাস্তবায়ন করবে।

“এ প্রকল্পটির মাধ্যমে সমাজ থেকে শতভাগ দুর্নীতি বন্ধ করতে না পারলেও অনেকখানি কমিয়ে আনা সম্ভব। যে উদ্দেশ্যে এ প্রকল্পটি এনেছি সেভাবেই যেন ব্যবহার করতে পারি,” বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, “সাইবার ক্রাইম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিরাপদ রাখার জন্য আমরা এ প্রকল্পটি এনেছি। এ কার্যক্রমের মাধ্যমে জঙ্গি ও জ্বালাও পোড়াওয়ের মতো অপরাধীদের সনাক্ত করা হবে।”

তিনি বলেন, “বিশ্বব্যাপী টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি সাইবার জগতের দ্রুত উন্নয়নের ফলে প্রচলিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছে। বর্তমান বিশ্বে জনগণের উপর সরকারের চেয়ে বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব অনেক বেশি। এতে রাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।”

গুগল, ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে প্রচারিত সরকারের স্বার্থবিরোধী কর্মকাণ্ডকে প্রচলিত কারিগরি সক্ষমতা দিয়ে রোধ করা সম্ভব না হওয়ায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় বলে জানান তিনি।

সরকারের মেয়াদের শেষ সময়ের এই বৈঠকে এটিসহ ২৪ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের মোট ২৪ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে প্রায় ১৯ হাজার ৩৬২ কোটি টাকা, প্রকল্প সহায়তার খাত থেকে প্রায় ৫ হাজার ৭৩ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩০৬ কোটি টাকা জোগান দেওয়া হবে।

বৈঠকে  ‘জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি-সেক্টর’ প্রকল্প শীর্ষক প্রকল্পটিও অনুমোদন পায় বলে জানান মুস্তফা কামাল।

এ প্রকল্পের মাধ্যমে কক্সবাজারে অবস্থিত ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীদের প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানো, সামাজিক সেবা প্রদান ব্যবস্থার উন্নতি, স্বাস্থ্যের উন্নতি, শিক্ষার উন্নত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।

“রোহিঙ্গারা যতদিন আমাদের দেশে থাকবেন ততদিন তাদের ভালমন্দ দেখার দায়িত্ব আমাদের। আমরা তাদের ভালো থাকার ব্যবস্থা করছি। যখন তারা মিয়ানমারে ফেরত যাবেন তখন সেখানকার স্থানীয় বাংলাদেশিরা এসব অবকাঠামোর সুযোগ-সুবিধা ভোগ করবেন।”

বিশ্ব ব্যাংক ও এডিবিসহ অনেক সংস্থা ও দেশের অনুদানে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে।

অন্য প্রকল্পগুলো

>> ‘বগুড়া হতে শহীদ এম মনসুর আলী স্টেশন- সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেল লাইন নির্মাণ’ প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা।

>> ‘ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ’ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প। এর ব্যয় ১ হাজার ৭৩৭ কোটি ১৮ লাখ টাকা।

>> ‘গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৫ নং জোনের আভ্যন্তরীন রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ’ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫১০ কোটি টাকা।

>> ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন অঞ্চলের ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা,ও ফুটপাত নির্মাণ ও উন্নয়সহ সড়কের নিরাপত্তা’ প্রকল্প। এতে ব্যয় হবে ৬৯৪ কোটি ৪১ লাখ টাকা।

>> ‘মাদানী এভিনিউ থেকে বালু নদী পর্যন্ত মেজর রোড প্রশস্তকরণ এবং বালু নদী থেকে শীতলক্ষ্যা নদী পর্যন্ত সড়ক নির্মাণ’ (প্রথম পর্ব) প্রকল্প। এতে ব্যয় হবে ১ হাজার ২৫৯ কোটি ৮৯ লাখ টাকা।

>> ‘বাংলাদেশ সচিবালয়ে ২০তলা বিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ’ প্রকল্প। এতে ব্যয় হবে ৪২০ কোটি ৯৮ লাখ টাকা।

>> ‘৩য় কর্ণফুলী সেতু নির্মাণ’ (তৃতীয় সংশোধিত) প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ৭৯৭ কোটি ৯৪ লাখ টাকা।

>> ‘রাজউক পূর্বাচল ৩০০ ফুট মহাসড়ক হতে মাদানী এভিনিউ- সিলেট মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ’ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ৪৫৬ কোটি ৭২ লাখ টাকা।

>> ‘ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন এবং সম্প্রসারণ’ প্রকল্প। এতে খরচ ধরা হয়েছে ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকা।

>> ‘শহীদ মুক্তি যোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্প। এতে খরচ ধরা হয়েছে ৪৬০ কোটি ৯৮ লাখ টাকা।

>> ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার নির্মাণ’ প্রকল্প। এতে খরচ ধরা হয়েছে ৯২৭ কোটি ৩৫ লাখ টাকা।

>> ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ৪২২ কোটি ৩৪ লাখ টাকা।

>> ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস  প্রতিষ্ঠা’ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি ৯৭ লাখ টাকা।

>> ‘বঙ্গবন্ধু সামরিক জাদুঘর নির্মাণ (সংশোধিত)’ প্রকল্প। এতে খরচ ধরা হয়েছে ৬৫৫ কোটি ৭৬ লাখ টাকা।

>> ‘২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন’ প্রকল্প। এতে ব্যয় হবে ৩ হাজার ৬৯১ কোটি ৩০ লাখ টাকা।

>> ‘৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন’ প্রকল্প। এতে খরচ ধরা হয়েছে ৪৩৫ কোটি টাকা।

>> ‘পতেঙ্গায় বিএনএ বঙ্গবন্ধু  কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প। এতে খরচ ধরা হয়েছে ৩৫৮ কোটি ৫৩ লাখ টাকা।

>> ‘স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস’ প্রকল্প। এতে খরচ ধরা হয়েছে ৭৮০ কোটি ৩৩ লাখ টাকা।

>> ‘কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটসমুহের কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্প। এতে ব্যয় হবে ১১৭ কোটি ৫৭ লাখ টাকা।

>> ‘ঢাকায় বিসিক কেমিক্যাল পল্লী স্থাপন’ প্রকল্প। এতে খরচ ধরা হয়েছে ২০১ কোটি ৮১ লাখ টাকা।

>> ‘গাজী ওয়্যারস লিমিটেড শক্তিশালীকরণ’ প্রকল্প। এতে ব্যয় হবে ৬৮ কোটি ৯৮ লাখ টাকা।

>> ‘৫০০-৬০০ মেগাওয়াট এলএনজি বেইজড কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টে ও জন্য ফিজিবিলিটি স্টাডি সম্পাদন এবং গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ’ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ১৬৯ কোটি ৯৩ লাখ টাকা।

পুরনো খবর:

ভোট ধরে সোশাল মিডিয়ায় নজরদারি চালাতে আসছে র‌্যাব