২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরিতে আসার পথেও নেই অর্ধেকের বেশি নারী: সিপিডি

বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী হলেও তাদের ৫৬ দশমিক ৯ শতাংশ চাকরি তো দূরের কথা, শিক্ষা কিংবা কোনো ধরনের প্রশিক্ষণেও নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 05:54 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

পুরনো খবর:

‘নিয়োগকারীর মানসিকতা ও পরিবার’ আটকে রাখছে নারীকে

বুধবার এই তথ্য সম্বলিত একটি সমীক্ষা প্রতিবেদন তুলে ধরে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের লক্ষ্য অর্জনে নারীদের আনুষ্ঠানিক শ্রম বাজারে আনতে এখন থেকে বাজেটে বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

‘জনমিতিক লভ্যতার সদ্ব্যবহারে মহিলাদের জন্য যথাযথ কর্মসংস্থান সৃষ্টি করা’ শীর্ষক এই সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

Image
বাংলাদেশের নারীদের সবচেয়ে বেশি অংশগ্রহণ তৈরি পোশাক শিল্পে

বাংলাদেশের নারীদের সবচেয়ে বেশি অংশগ্রহণ তৈরি পোশাক শিল্পে

তিনি বলেন, “ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সদ্ব্যবহার করতে হলে অবশ্যই দেশের মহিলা শ্রম শক্তি কাজে লাগাতে হবে।

“বর্তমানে মহিলাদের মাত্র এক-তৃতীয়াংশ মাত্র শ্রমবাজারে আছে। দেশের ৫৬ দশমিক ৯ শতাংশ নারী শিক্ষা, চাকরি বা কোনো ধরনের প্রশিক্ষণে নেই। এরকম একটা অবস্থান থেকে আমাদের উত্তরণ করতে হলে শিক্ষাই বড় ভূমিকা রাখবে।”

মোস্তাফিজ বলেন,  প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সঙ্গে যদি নারীদের কর্মমূলক প্রশিক্ষণও দেওয়া যায়, তবে তা নারীদের কর্মসংস্থান বাড়ানোয় ভূমিকা রাখবে।

“একইসঙ্গে মহিলাদের উচ্চ পর্যায়ের শিক্ষা যত বেশি দিতে পারব, ততই আগামী দিনে যেসব নতুন খাত অর্থনীতিতে আসবে সেখানে মহিলাদের কর্মসংস্থান বেশি হবে।”

তিনি বলেন, “আমাদের মতো অর্থনীতির অন্যান্য দেশে আমাদের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি মহিলা কাজে অংশ গ্রহণ করছে। সেটা যদি আমাদের দেশে করতে হয়, তাহলে শিক্ষা ও প্রশিক্ষণ খাতে বরাদ্দ আরও বাড়াতে হবে।”

মোস্তাফিজ বলেন, “এখন পর্যন্ত ৯০ শতাংশ মহিলাই অপ্রাতিষ্ঠানিক জায়গাতে কাজ করছেন। সেখানে তাদের কর্মপরিবেশ ও আয় অনেক কম।”

নারীদের শুধু কর্মসংস্থান সৃষ্টিই নয়, ভালো আয়ের কর্মসংস্থান সৃষ্টি করতে মনোযোগী হওয়ার পরামর্শ দেন সিপিডির সাবেক নির্বাহী পরিচালক তিনি।

কর্মক্ষেত্রে নারীরা সন্তান, পরিবহনসহ নানা বিষয়  নিয়ে যে সব সমস্যায় পড়েন, তা দূর করার উপরও তিনি জোর দেন।

মোস্তাফিজ বলেন, “ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সম্ভাবনাকে আমরা যদি কাজে লাগাতে চাই, তাহলে নীতি-নির্ধারক ও নীতি বাস্তবায়নে পরিবর্তন আনতে হবে।

“তাহলে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার যে লক্ষ্যমাত্রা সেটি আমরা পূরণ করতে পারব। এজন্য আগামীতে শ্রমবাজারে মহিলা বান্ধব কর্ম পরিবেশ তৈরির উপর গুরুত্ব দিতে হবে।”

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য ড. শামসুল আলম।

তিনি বলেন, “দেশের বিশাল একটা মানব সম্পদকে আমরা ব্যবহার করতে ব্যর্থ হচ্ছি। এটা জাতীয় সম্পদের অপচয়।”